
দৃশ্যটি এমন—ঊর্মিলা শাড়ি গুঁজেছেন কোমরে। পাকা রাঁধুনি যেন। এক হাতে ভাতের থালা, আরেক হাত দিয়ে খাইয়ে দিচ্ছেন স্বামীকে। ভাতের সঙ্গে শর্ষে ইলিশ। স্বামী বেচারা খেতে চাইছেন না। হাতে ট্যাব আর মুঠোফোন নিয়ে তাঁর অফিসে যাওয়ার তাড়া। এমন তাড়াহুড়ো করা স্বামীকে বাগে আনতে পারলেন না ঊর্মিলা। কয়েকবার মুখে নিয়েই দে ছুট। মনিটরের পেছনে বসে নির্মাতা মাহমুদ দিদার বললেন, ‘কাট’।
রাত ১০টা পেরিয়েছে। নেওয়া হচ্ছে সকালের দৃশ্য। ঊর্মিলা শ্রাবস্তী করের সঙ্গে এই নাটকে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ। কয়েক দফায় দৃশ্যটি নিতে গিয়ে ততক্ষণে প্লেটের ভাত সাবাড় করেছেন স্বামী বেচারা। দৃশ্য শেষ করে এসে কথা বললেন অভিনয়শিল্পী ও পরিচালক।
বললেন, আলাদা নামের তিনটি খণ্ডনাটক এক জায়গায় করে নির্মাণ করা হচ্ছে ভালোবাসার গল্পসমগ্র। তিনটির একটি হলো বৃষ্টির রং। দুই দিন ধরে নাটকটির শুটিং হয়েছে। গত সোমবার ছিল বৃষ্টির রঙের শেষ দিন। নতুন এক দম্পতির মিষ্টি প্রেমের গল্প দেখানো হবে এতে।
এক ফাঁকে ঊর্মিলার কাছে জানতে চাইলাম, বাসায় কি নিজে রান্না করেন। স্বামীকে কি এভাবে খাইয়ে দেন? ঊর্মিলা হাসলেন। ‘আমার বাসায় কিন্তু বেশির ভাগ রান্না আমি নিজেই করি।’ স্বামীকে খাওয়ানোর ব্যাপারটা এড়িয়ে গেলেন।
পরিচালক জানালেন, এরপর নাটকে স্বামী সাজ্জাদের জন্মদিন পালন করবেন ঊর্মিলা। তারপর স্বামীকে নিয়ে বৃষ্টিতে ভিজবেন। রাত কত হবে কে জানে। মধ্যরাত পর্যন্ত শুটিং করা রোমান্টিক এই নাটকটি আসছে ঈদুল আজহায় দেখানো হবে এনটিভিতে।