সাত-ছয়-এক

নির্মাতা মাসুদ সেজান এবারের ঈদে নির্মাণ করেছেন তিনটি নাটক। যারা শিরোনাম দেখে একটু সংশয়ে আছেন তাদের জন্য পরিষ্কার করে দেওয়া যাক। তিন নাটকের পর্ব সংখ্যা হিসেবেই করা হয়েছে শিরোনাম। মাসুদ সেজান ঈদ ধারাবাহিক হিসেবে নির্মাণ করেছেন দুটি নাটক। এর একটি সাত পর্বের আরেকটি ছয় পর্বের। বাকিটি একক নাটক হিসেবে প্রচার হবে ঈদে। এর মধ্যে সিলেটে চিত্রায়িত হয়েছে ‘লাভ অ্যান্ড কোং’ নামের একটি সাত পর্বের ঈদ ধারাবাহিক। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, পূর্ণিমা, ডা. এজাজ, শামীমা নাজনীন, মিশু সাব্বির, সাবিলা নূর এবং শাহরিয়ার নাজিম জয়। এটি প্রচার হবে এনটিভিতে।
বাংলাভিশনে ছয় পর্বের ‘ওয়াও ফ্যান্টাসি’ তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ভাবনা, মিশু সাব্বির, ডা. এজাজ, শামীমা নাজনীন, মুকুল সিরাজ, হায়দার মিথুন প্রমুখ। এটি প্রচার হবে ঈদের টানা ছয়দিন।
এ ছাড়া এক ঘণ্টার বিরতিহীন নাটক ‘একটি তালগাছের গল্প’ প্রচার হবে আরটিভিতে ঈদের দ্বিতীয় দিন। এতে অভিনয় করেছেন রিয়াজ, তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী।
তিনটি নাটক নিয়ে এ নির্মাতা বললেন, ‘অনেক কাজেরই সুযোগ ছিল। কিন্তু বেশ কিছু কারণে করা হয়নি। আমার কাছে মনে হয়েছে, একটু ঠান্ডা মাথায়, চিন্তা করে দর্শকদের কথা ভেবে কাজ করা দরকার। এ কারণেই সময় নিয়ে তিনটি নাটক নির্মাণ করলাম। এটুকু বলতে পারি দর্শক নিরাশ হবেন না।’
এ ছাড়া এ নির্মাতার বেশ কয়েকটি নিয়মিত ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে।