সাত নির্মাতার সাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন, শাফায়েত মনসুর রানা, নূরুল আলম আতিক, অনিমেষ আইচ ও গৌতম কৈরি। ছবি: সংগৃহীত
গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন, শাফায়েত মনসুর রানা, নূরুল আলম আতিক, অনিমেষ আইচ ও গৌতম কৈরি। ছবি: সংগৃহীত

করোনার এই সময়ে ঘরে বসেই বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। এবার একই পদ্ধতিতে একটু বড় পরিসরে সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে একটি সিরিজ নির্মাণ শুরু হলো। সিরিজটির নাম ‘ঘরবন্দী সময়ের গল্প’। সাতজন তারকা নির্মাতা আলাদা গল্পে, আলাদা নামে একটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন।

নির্মাতারা হলেন গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন, নূরুল আলম আতিক, অনিমেষ আইচ, সুমন আনোয়ার, শাফায়েত মনসুর রানা ও গৌতম কৈরি। এটি আলফা আই স্টুডিওস-এর ব্যানারে নির্মিত হচ্ছে।

সিরিজটির প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, এটি পবিত্র ঈদুল ফিতরে টেলিভিশনে প্রচারিত হবে। পাশাপাশি বায়োস্কোপ প্ল্যাটফর্মে উঠবে। টেলিভিশন উপযোগী করেই সিরিজটি তৈরি করা হচ্ছে। তিনি বলেন, ‘ঘরে বসে তৈরি হলেও বাড়তি যত্নে কাজটি করা হচ্ছে। শুটিংয়ের জন্য চিত্রগ্রাহকও রাখা হয়েছে। শিল্পীর সঙ্গে ভিডিও কলে পরিচালক ও ক্যামেরাম্যান দুজনই থাকছেন। দৃশ্যের সঙ্গে ফ্রেমগুলোও তাঁরা শিল্পীকে বুঝিয়ে দিচ্ছেন ভিডিও কলে। চরিত্রটিও ভালোভাবে বুঝে নেওয়ার সুযোগ পাচ্ছেন শিল্পীরা। শুধু মুঠোফোনই নয়, কোনো কোনো পর্বের শুটিংয়ে ডিএসএলআর ক্যামেরার ব্যবস্থা আছে।

এই প্রযোজক আরও বলেন, ‘গল্প, চিত্রনাট্যসহ প্রকল্পটির নানা বিষয় নিয়ে গত দেড় মাস কাজ করছি আমরা। ঘরে বসে কোন পদ্ধতিতে কাজ করলে কাজটির মান কমবে না, সে বিষয় নিয়েও আমরা ভেবেছি। যেহেতু এখন বাইরে গিয়ে ইউনিট নিয়ে কাজ করা সম্ভব নয়, তাই ঘরে বসেই কাজের মান ঠিক রাখার চেষ্টা করছি। গল্প তৈরি ও বাজেটও সেভাবে সাজানো হয়েছে।’

এই প্রযোজক জানান, শুটিংয়ের পর সম্পাদনা, ডাবিং, গ্রাফিক ও কালারের কাজ ঠিকঠাকভাবেই করা হবে। প্রতিটি ছবির দৈর্ঘ্য হবে ২০ থেকে ২৫ মিনিটের।

গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্যের নাম ‘কোয়ারেন্টিন’। শুটিং চলছে। অভিনয় করছেন দীপা খন্দকার, শাহেদ আলী প্রমুখ। এই পরিচালক বলেন, ‘ঘরে বসে করলেও সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে কাজটি করছি। শিল্পী নিজে বা তাঁদের পরিবারের সদস্যরা ক্যামেরা চালালেও শুটিংয়ে আমি ও ক্যামেরাম্যান সব সময় তাঁদের সঙ্গে ভিডিও কলে যুক্ত আছি। ঘরের লোকেশন ও ক্যামেরার ফ্রেমগুলো ঠিকঠাক বুঝিয়ে দিয়ে কাজ করছি। আমরা সাধারণত যেভাবে শুটিং করি, সেই প্রক্রিয়া অনুসরণ করেই করছি। তবে এটি লোকেশনে থেকে নয়, ভার্চ্যুয়ালি করা হচ্ছে। এ এক অন্য রকমের অভিজ্ঞতা। জীবনে এভাবে কখনো কাজ করিনি। তবে কাজটি বেশ উপভোগ করছি।’

অনিমেষ আইচ নির্মাণ করবেন ‘একা’ নামের স্বল্পদৈর্ঘ্য। সোমবার থেকে শুটিং করবেন। তিনি বলেন, ‘কাজটি করার জন্য লেন্স, নতুন একটি অ্যাপসহ বেশ কিছু টেকনোলজি মোবাইল ফোনে যুক্ত করেছি। তবে গল্প বলাটা ভালো হলে মোবাইলে শুটিং করলেও দর্শকের পছন্দ হবে। ঘরে বসে শুটিং করাটা যদিও নতুন একটা অভিজ্ঞতা, তবে এভাবে হয়তো আরও কাজ করা যাবে।’

‘একা’ ছবিতে অভিনয় করছেন ভাবনা, শতাব্দী ওয়াদুদ, রুনা খান প্রমুখ।

‘লকডাউন’ নামের ছবিটির পরিচালক শিহাব শাহীন। এতে অভিনয় করছেন শাওন ও টয়া। ২১ ও ২২ মে শুটিং হবে। শিহাব শাহীন বলেন, ‘আমরা সাধারণত যে ধরনের আয়োজন নিয়ে শুটিং করি, সেভাবে করা যাচ্ছে না। তাই কাজটিও শতভাগ মানের হবে বলা যাবে না। তবে নতুন একটি পদ্ধতিতে কাজটি করব। তাই সর্বোচ্চ চেষ্টা থাকবে ভালো করার।’

এ ছাড়া বাকি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো নূরুল আলম আতিকের ‘করোনার ফুল’, সুমন আনোয়ারের ‘কাগজের পাখি’, শাফায়েত মনসুর রানার ‘মধ্য নায়ক’ ও গৌতম কৈরির ‘খোলা জানালা’।

প্রযোজক জানান, ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে নয়টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে সিরিজটি। টেলিভিশনে প্রচারের পরে বায়োস্কোপ প্ল্যাটফর্মেও দেখা যাবে এটি।