সাত বছর পর বিজ্ঞাপনচিত্রে মডেল সুইটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানভীন সুইটি
তানভীন সুইটি

প্রায় সাত বছর পর বিজ্ঞাপনের মডেল হলেন অভিনেত্রী তানভীন সুইটি। শিগগিরই তাঁকে দেখা যাবে একটি প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মডেল হিসেবে। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে বিজ্ঞাপনটির। সুইটি জানালেন, কয়েক দিন আগে গাজীপুরে বেশ আয়োজন করে শুটিং করা হয়েছে।
নতুন বিজ্ঞাপনটি নিয়ে সুইটি বললেন, ‘একটি গল্পপ্রধান বিজ্ঞাপন। আমার সবচেয়ে ভালো লেগেছে স্ক্রিপ্ট। আর বিজ্ঞাপনটিও মেয়েদের নিয়ে। তাই কাজটি করা।’
বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন টিটু রহমান।
বেশ কিছুদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন এই অভিনেত্রী। কথা হলো সেই প্রসঙ্গেও, ‘আসলে অনেক কারণেই কাজ থেকে দূরে আছি। নাটকের আর ওই সময়টা নেই। ভালো চিত্রনাট্য থেকে শুরু করে মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনের যন্ত্রণা তো আছেই। এসব কারণে অভিনয় করা হয় না।’
তানভীন সুইটি সর্বশেষ একটি চায়ের বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন।