সাত বছর পর লাভলুর নাটকে শশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শশী
শশী

চিত্রনায়িকা সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ ছবির মাধ্যমেই প্রথম আলোচনায় আসেন শশী। চলচ্চিত্রে নিয়মিত না হলেও, নাটকের কাজ প্রায় নিয়মিতই করে যাচ্ছেন। ২০০৭ সালে নির্মাতা সালাউদ্দিন লাভলুর নাটকে কাজ করার সুযোগ পান। ‘ঘরকুটুম’ নামের ওই ধারাবাহিক নাটকের পর লাভলু পরিচালিত একটি টেলিছবিতেও অভিনয় করেছিলেন শশী। দীর্ঘ সাত বছর পর আবারও লাভলুর নাটকে অভিনয় করলেন শশী। নাম ‘খড়কুটা’।
প্রথম আলোকে শশী বলেন, ‘বাংলাদেশের নির্মাতাদের মধ্যে লাভলু ভাই আমার খুব পছন্দের একজন মানুষ। তাঁর নির্মাণ নিয়ে বলার মতো সাহস আমি রাখি না। যতক্ষণ কাজ করি ততক্ষণ অভিনয়ের নানা কিছু শিখতে থাকি। নতুন নতুন অনেক কিছু জানার সুযোগও হয়।’
সম্প্রতি ‘খড়কুটা’ নাটকের কয়েকটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। নাটকে শশীর সহশিল্পী নিলয়। এই নাটকে শশীকে গ্রামের সহজ-সরল মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। শশী বললেন, ‘লাভলু ভাইয়ের বেশির ভাগ নাটক হাস্যরসে ভরপুর থাকে। তবে ‘খড়কুটা’ নাটকটির গল্প অনেক বেশি সিরিয়াস। এই নাটকে একটু ভিন্নভাবে গল্প বলার চেষ্টা করা হয়েছে। তাই নাটকটিতে অভিনয় করতেও বেশি আগ্রহ পেয়েছি।’