সাফার বিড়াল বিপত্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিড়াল নিয়ে সাফা কবির
বিড়াল নিয়ে সাফা কবির

গল্পটাই এমন—তারিনের সঙ্গে বিড়ালটি সারাক্ষণ খেলা করে, দুষ্টুমি করে। এ ঘর থেকে ও ঘরে ছুটে বেড়ায়। তারিন যা করতে বলে, বিড়ালটি তাই-ই করে। আবার কখনো কখনো চুপটি করে তাঁর কোলের মধ্যে বসে থাকে। এভাবে বিড়াল নিয়েই সারা দিনমান কেটে যায় তারিনের। আর এমন গল্প নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক যাদু ভিলা । লিখেছেন ফৌজিয়া মাহিন আর পরিচালনা করছেন আশফাক নিপুন। গল্পের তারিন চরিত্রে অভিনয় করছেন সাফা কবির।

এদিকে, বাস্তবে বিড়াল নিয়ে শুটিং করতে গিয়েই সাফা পড়েছেন বিপত্তিতে। কেন? কি হয়েছে? তাঁর কথা, ‘বিড়াল নিয়ে শুটিংয়ের শুরুটা ভালোই ছিল। আমার মনে হয় শুটিংয়ের এত লোকজন, লাইট, ক্যামেরা দেখে কিছুটা ঘাবড়ে যায় বিড়ালটি। পরে দৌড়াদৌড়ি তো দূরের কথা. শট শুরু হলে দেখা যাচ্ছে আমার কোলেই ঘুমিয়ে পড়ছে। আবার আমি যখন অন্য দৃশ্য করতে যাচ্ছি, তখনও আমার কোল ছাড়ছে না বিড়ালটি। এ কারণে আমার দৃশ্যগুলোতে প্রচুর সময়ও লেগেছে। বিড়াল নিয়ে আর একটি দৃশ্য বাকি আছে। সিদ্ধান্ত হয়েছে দৃশ্যটি বিড়াল ছাড়াই করা হবে।’

সাফা বিড়াল-প্রিয় হলেও মায়ের ভয়ে বাড়িতে বিড়াল রাখতে পারেন না। নাটকটিতে তাঁর সঙ্গে বিড়াল থাকবে—এমন গল্প শুনেই খুশি হয়েছিলেন তিনি।

সাফা বলেন, ‘ছোটবেলা থেকেই আমার বিড়াল পছন্দ। কিন্তু মা বাসায় বিড়াল পছন্দ করেন না। একবার একটা বিড়াল বাসায় এনেছিলাম। মা সারাদিন ঘর থেকে বের হননি। এ নাটকটির শুটিং করতে গিয়ে বিড়ালটিকে কাছে পেয়ে মজা পেয়েছি।’

একটি সেটের মধ্যেই পুরো ধারাবাহিকটি তৈরি হচ্ছে। মিরপুর ডিওএইচএস-এর একটি বাড়িতে সেট ফেলা হয়েছে। গত শুক্রবার থেকে সেখানে নাটকটির শুটিং চলছে।

পরিচালক জানিয়েছেন, ধারাবাহিকটির প্রতি পর্বের স্থায়িত্বকাল আড়াই মিনিট। যাদু সেটটপ বক্স নামে একটি অনলাইন টেলিভিশনে যাদু ভিলা ধারাবাহিকটির প্রচারের কথা আছে।

নাটকটি আরও অভিনয় করছেন মাসিয়াত, আবির মির্জা, শামীম, আর জে অপু প্রমূখ।