সাবধান! ‘ভোল্ট’ আসছে
সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান, এক্সম্যান, ক্যাপ্টেন আমেরিকা—কত নাম বলব। পশ্চিমা সুপারহিরোর কোনো শুমার নেই। পাশের দেশ ভারতেরও এখন অনেক সুপারহিরো: কৃশ, জি–ওয়ান, চিট্টি। আমরাই শুধু বাকি ছিলাম। পর্দায় আমাদের কোনো সুপারহিরো ছিল না। সেই অভাব পূরণ করতেই যেন আসছে ভোল্ট।
রাকিব রণ ঢাকায় পড়াশোনা করে। প্রকৌশলবিদ্যার ছাত্র। ছুটিতে বাড়ি গিয়ে আমূল পাল্টে যায় তার জীবন। একদিন ঝড়ের কবলে পড়ে পুরোনো একটা পাওয়ারস্টেশনে আশ্রয় নিতে বাধ্য হয় রণ। সেখানে বৈদ্যুতিক তারে আটকা পড়া একটা কুকুরকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুতায়িত হয়। হাই ভোল্টেজ বিদ্যুতে তার মরে যাওয়ারই কথা। কিন্তু সে মরে না, পেয়ে যায় সুপারপাওয়ার। বিদ্যুৎ ধরে রাখতে পারে তার শরীর। নানা কাজে ব্যবহার করা যায় সেই বিদ্যুৎ। ক্ষমতাটা পুরোপুরি আয়ত্তে আনতে অনেক কসরত করতে হয় তাকে। এই কাজে তার অধীতবিদ্যা ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগায় সে। নিজের জন্য বানায় দুটো ব্রেসলেট। তারপর দুষ্টের দমন আর শিষ্টের পালনে নেমে পড়ে। শক্তির পরিচয় পেয়ে এক বন্ধু তার নাম দেয় ‘ভোল্ট’।
নতুন এই সুপারহিরোকে নিয়েই ১০ পর্বের একটা অ্যানিমেশন সিরিজ তৈরি করছে বাংলাদেশের স্টুডিও প্রোলেন্সার। মূলত বিদেশি গানের অ্যানিমেশন করে তারা।
‘ভোল্ট’ তাদের প্রথম অ্যানিমেশন সিরিজ। আগে অবশ্য একটি অ্যানিমেশন সিনেমা বানিয়েছে তারা। নাম ‘মুজিব আমার পিতা’। পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র। টু-ডি (দ্বিমাত্রিক) অ্যানিমেশনে নির্মিত এই চলচ্চিত্রের কাজ শেষ। এখন তারা শুরু করেছে নতুন এই সিরিজের কাজ।
ঢাকার মোহাম্মদপুরে প্রোলেন্সার স্টুডিওর কার্যালয়। সেখানে গিয়ে দেখা গেল, ‘ভোল্ট’ নিয়ে ব্যস্ত একদল অ্যানিমেটর। এঁদেরই একজন রাফিউজ্জামান রিদম। তাঁর সঙ্গে কথা বলতে বলতে আলাপে যোগ দিলেন আরেক অ্যানিমেটর আরিফ সিদ্দিকী নিটল। জানালেন, তাঁদের ইচ্ছা ছিল প্রথমে একটি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করা।
নিটলের ভাষায়, ‘আমরা তো এখানে বেশ কয়েকজন অ্যানিমেটর কাজ করি। অন্য কাজের ফাঁকে এটা নিয়ে কাজ শুরু হয়। পরে সবার আলোচনায় গল্পের পরিধি বাড়তে থাকে। অবশেষ সিদ্ধান্ত নেওয়া হয়, এটি হবে সিরিজ।’
দুই অ্যানিমেটরের সঙ্গে আলাপ করে জানা গেল, সিরিজটির কাজ টু-ডি-তে করা হচ্ছে। প্রতিটি ফ্রেম ধরে ধরে আঁকতে হচ্ছে। তবে এখন প্রযুক্তি খানিকটা এগিয়েছে। তাই কিছু কাজে সফটওয়্যারও ব্যবহার করা হয়েছে। তাই খানিকটা সহজ হয়েছে। কোথাও কোথাও থ্রি-ডির সাহায্যও নেওয়া হয়েছে।
সুপারহিরো থাকবে, লাভ ইন্টারেস্ট থাকবে না, তা কি হয়! ভোল্টেরও আছে, মেয়েটির নাম সামিয়া, সবাই ডাকে স্যাম। তবে সামিয়ার সঙ্গে ভোল্টের সখ্যকে পুরোদস্তুর প্রেম বলা যাবে না। আধা প্রেম, আধা বন্ধুত্ব।
আর ভিলেন? নিটল বললেন, ‘গল্পের সব তো আমরা বলে দিতে পারি না। তবে এটুকু তবে এটুকু বলি, এই গল্পের ভিলেন বিরল রোগে আক্রান্ত। সূর্যের আলো সহ্য করতে পারে না। আর ভীষণভাবে আধুনিকায়নবিরোধী।’
প্রোলেন্সার স্টুডিওর সিইও সোহেল মোহাম্মদ রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন ছাত্র। আগে বেশ কিছু টিভি নাটক ও প্রামাণ্যচিত্র বানিয়েছেন। ‘রাইট টু ওয়াটার’ প্রামাণ্যচিত্রের জন্য পেয়েছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার। এগুলোর মধ্যে রয়েছে জার্মানির বার্লিন ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের গ্রিন ফিল্ম অ্যাওয়ার্ড, ইতালির রিভার ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট শর্ট ডকুমেন্টারি ফিল্ম অ্যাওয়ার্ড এবং ইস্তাম্বুলের কিসাকেস ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট ডকুমেন্টারি ফিল্ম অ্যাওয়ার্ড।
মাধ্যম বদলে অ্যানিমেশনে আসার কারণ কী? সোহেল মোহাম্মদ রানার জবাব, ‘আমি তো আসলে চিত্রশিল্পী। চিত্রকর্মের মাধ্যমে গল্প বলতে পছন্দ করি। আবার আমি সিনেমাও বানাতে চাই। ফলে অ্যানিমেশন আমার জন্য খুব ভালো মাধ্যম। তাই এখন অ্যানিমেশন নিয়ে কাজ করা হচ্ছে।’ ‘ভোল্ট’ সম্পর্কে বললেন, ‘বাংলাদেশে সুপারহিরোর গল্প ফুটিয়ে তোলার জন্য অ্যানিমেশনই সেরা মাধ্যম। আমাদের টেকনোলজি এখনো এত এগোয়নি, যা দিয়ে একটা ভালো মানের লাইভ অ্যাকশন সুপারহিরো চলচ্চিত্র বানানো সম্ভব হবে।’
এই সিরিজের প্রযোজক ইব্রাহিম খলিলও একজন চিত্রশিল্পী। জানালেন, আগামী দু–এক সপ্তাহের মধ্যে এই সিরিজের টিজার প্রকাশ পাবে। কোথায় প্রচারিত হবে, এর জবাবে বলেন, ‘কোনো প্ল্যাটফর্ম এখনো ঠিক হয়নি। তবে কিছু বিষয় আমরা নির্ধারণ করে ফেলেছি। যেমন ১০ পর্বের হবে এই সিরিজ। প্রতি পর্বের দৈর্ঘ্য হবে ১৮ মিনিট। মূলত তরুণদের কথা মাথায় রেখে বানানো হচ্ছে সিরিজটি।’