সাবার 'দৌড়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহানা সাবা
সোহানা সাবা

বছর দশেক আগে বিটিভিতে প্রচারিত হয়েছিল মুরাদ পারভেজের ধারাবাহিক নাটক দৌড়। প্রচারের সময়ই নাটকটিকে চলচ্চিত্রে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক মুরাদ। নানা কারণে এত দিন তা সম্ভব হয়নি। অবশেষে শুরু হচ্ছে দৌড়–এর কাজ। মার্চ থেকেই দৌড় ছবির কাজ শুরু করবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন মুরাদ। দৌড় ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন সাবা। এটি সোহানা সাবার ছয় নম্বর ছবি।
আয়না ছবির মধ্য দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেন সোহানা সাবা। এরপর একে একে কাজ করেন খেলাঘর, চন্দ্রগ্রহণ, প্রিয়তমেষু ও বৃহন্নলা ছবিতে। নতুন ছবিটি প্রসঙ্গে সাবা বলেন, ‘থ্রিলার ধাঁচের দৌড় নাটকটি সে সময় আমার খুব ভালো লেগেছিল। কথা প্রসঙ্গে পরিচালককে তখন বলেছিলাম নাটকটিকে চলচ্চিত্রে রূপ দেওয়া যায় কি না? জানতে পারি, তাঁরও ইচ্ছে নাটকটিকে উপজীব্য করে চলচ্চিত্র নির্মাণের। কিন্তু দীর্ঘদিন ধরে তা সম্ভব হচ্ছিল না। অবশেষে দৌড় ছবির কাজ শুরু হতে যাচ্ছে ভাবতেই ভালো লাগছে।’
সাবা আরও বলেন, ‘মুরাদ পারভেজের নির্মাণে আধুনিকতার একটা ছোঁয়া সব সময় থাকে, দৌড়ও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না। তা ছাড়া থ্রিলার ব্যাপারটা মুরাদ খুব ভালো বোঝেন। আশা করছি একেবারে অন্য ধরনের একটি সিনেমা হবে দৌড়।’
অভিনয়ের পাশাপাশি দৌড় ছবির নির্বাহী প্রযোজক হিসেবেও থাকছেন সাবা। আর ছবিটির সংগীত পরিচালক হিসেবে থাকবেন ইমন সাহা।
পরিচালনার পাশাপাশি দৌড় ছবির কাহিনি ও চিত্রনাট্যে থাকছেন মুরাদ পারভেজ। তিনি বলেন, ‘দৌড় আমার অন্যতম একটি স্বপ্নের প্রকল্প। বাস্তবে রূপ পেতে যাচ্ছে ভেবে আমি খুবই আনিন্দত। ছবিতে দুই নায়ক আর দুই নায়িকা থাকবে। এর মধ্যে দুজন ঢাকার আর অন্য দুজন কলকাতার।’