সামিরা আব্বাসী গাইবেন মাছরাঙায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফিরেছেন কয়েক মাস হলো। ৩০ জুন আবারও তিনি পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে। তাই এখন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রবাসী সংগীতশিল্পী সামিরা আব্বাসী। এই যেমন আজ বৃহস্পতিবার রাত ১১টায় তিনি গাইবেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’তে।
সামিরা আব্বাসী কিংবদন্তি সংগীতশিল্পী আব্বাসউদ্দীনের নাতনি। তাঁর বাবা গুণী শিল্পী মোস্তফা জামান আব্বাসী। দীর্ঘ সময় ধরে সামিরা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি জানালেন, শুধু অনুষ্ঠানে সংগীত পরিবেশন নয়, এবার তিনি দেশে এসে বেশ কিছু নতুন গানের কাজ করেছেন। এরই মধ্যে তানভীর আলম সজীব ও শেখ জসীমের সুরে নতুন কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। সামিরা আব্বাসী বললেন, ‘গানগুলোর কাজ শেষ। ঈদের আগেই এগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা আছে। গানগুলোর মিউজিক ভিডিও তৈরি করা হবে।’