সারা রাত কাজ করে সকালে চানখারপুলে নাশতা করতাম: চঞ্চল চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়নি। ২০২১ সালে হয়েছে সীমিত পরিসরে। দুই বছর পর এবার মঙ্গল শোভাযাত্রা অনেকটা চেনা রূপে ফিরছে। এমন খবরে আনন্দিত সংস্কৃতিকর্মী ও চারুকলার প্রাক্তন শিক্ষার্থীরা।

চঞ্চল চৌধুরী
ছবি : চঞ্চল চৌধুরীর সৌজন্যে

অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীও একসময় চারুকলায় পড়তেন। এবারের পয়লা বৈশাখের আগেও মুখোশ বানাতে গিয়েছেন তিনি। অসাধারণ সময় কেটেছে। দুই বছর পর আবারও মঙ্গল শোভাযাত্রা শুরুর খবরটি তাঁর জন্য ভীষণ সুখের। চঞ্চল বলেন, ‘আমাদের যে পরিমণ্ডলে বেড়ে ওঠা, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সবচেয়ে বড় অংশজুড়ে পয়লা বৈশাখ। বছরের প্রথম দিন মানুষ বছরটাকে বরণ করে নেয়, জাতি–ধর্ম–বর্ণনির্বিশেষে। ছোটবেলায় দেখেছি, দোকানে হালখাতা খোলা হতো। বাজারে গেলে মিষ্টি খাওয়াত।

চঞ্চল চৌধুরী
ছবি : চঞ্চল চৌধুরীর সৌজন্যে

ঢাকায় এসে দেখলাম, আরও বিশাল আয়োজন। পয়লা বৈশাখের এই দিনে পুরো ঢাকা এক হয়ে যায়। ভোরে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের যে আয়োজন, তা অসাধারণ।’
চঞ্চল চৌধুরী ঢাকায় এসেছেন ১৯৯২ সালের দিকে। চারুকলায় ভর্তি হন তার পরপরই। শিক্ষার্থী থাকা অবস্থায় তো ব্যস্ত থাকতেন, এখনো সময় পেলে ছুটে যান। দুই বছর পর যখন মঙ্গল শোভাযাত্রা শুরু হচ্ছে, ছুটে গেছেন। তিনি বলেন, ‘করোনার কারণে দুই বছর বাদ গেল। আবার মুখোশ বানানো, আলপনা আঁকা শুরু হলো। গত পরশু যখন গেলাম, দেখলাম, শিশিরদা দাঁড়িয়ে ছাত্রদের ডিরেকশন দিচ্ছেন। আমাদের আনন্দ এবং উৎসবের চূড়ান্ত একটা উপলক্ষ ছিল পয়লা বৈশাখ। আমার ওই অনুভূতিই হচ্ছিল, করোনার কারণে উদ্‌যাপন করা হচ্ছিল না। অভিনেতা প্রাণ রায় ও নির্মাতা শাহনেওয়াজ কাকলীর সঙ্গে দেখা হলো।’

চঞ্চল চৌধুরী
ছবি : চঞ্চল চৌধুরীর সৌজন্যে

চঞ্চল মনে করেন, নতুন করে শুরু হওয়া এই উৎসবের বার্তা নতুন করে আবার সবার ভেতর ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, ‘পরবর্তী প্রজন্মের মধ্যে বাঙালির সত্তাটা গেঁথে দিয়ে যেতে হবে। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি ছিল জাতি–ধর্ম–বর্ণনির্বিশেষে একটা সময় পরিচয়ই দিতাম, আমরা বাঙালি। বাংলাদেশি। তাই এই উৎসবকে বাঁচিয়ে রাখতে হবে। তা না হলে ধীরে ধীরে অনেক কিছু বিলীন হয়ে যাবে। বয়স আর অবস্থানের কারণে এখন তো চাইলেও অনেক কিছু পারি না। শিক্ষার্থী থাকা অবস্থায় তো সারা রাত জেগে মুখোশ আঁকতাম, আরও কত কী করতাম। চারুকলার সামনের রাস্তায় আলপনা করতাম। চারুকলার যেকোনো উৎসবে সারা রাত কাজ করে সকালে চানখারপুলে নাশতা করতাম। নাশতা শেষে আবার কাজ করতাম। সময়টা আর পাওয়া যাবে না। এখন অবশ্য সেই প্রেক্ষাপটও নেই।’