সালমানের গানে নতুনদের নাচ

সেই সময়ের কথা মনে আছে তো? সেই নব্বইয়ের দশক! কতই না জনপ্রিয় ছিল গানগুলো। গানগুলোর সঙ্গে নেচেছেন, ঠোঁট মিলিয়েছেন প্রিয় নায়ক সালমান শাহ। প্রয়াত এই নায়কের অভিনীত চলচ্চিত্রগুলোর জনপ্রিয় কয়েকটি গান নতুন আঙ্গিকে দেখানো হবে এবারের ঈদে। আর সেগুলোর সঙ্গে নেচেছেন এই সময়ের অভিনেতা-অভিনেত্রীরা।
‘সালমান শুধুই সালমান’ নামের এই নৃত্যানুষ্ঠানে ‘এখানে দুজনে নির্জনে’ গানের সঙ্গে নেচেছেন সোহান ও রথি, ‘এই দিন সেই দিন কোনো দিন’ গানের সঙ্গে নিরব ও মেহজাবিন, ‘এখন তো সময় ভালোবাসার’ গানের সঙ্গে সোহাগ ও তমা মির্জা এবং ‘ও আমার বন্ধু গো’ গানের সঙ্গে নেচেছেন জায়েদ খান ও পিয়া বিপাশা।
ঈদের দিন সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানটি দেখানো হবে একুশে টিভিতে।

প্রযোজক ইসরাফিল শাহীন জানান, ঈদের ছয় দিনই এই নৃত্যানুষ্ঠান দেখানো হবে। ঈদের দ্বিতীয় দিন একই সময়ে থাকবে নায়ক জাফর ইকবাল অভিনীত ছবির চারটি গানের সঙ্গে এই সময়ের তারকাদের নাচ। এভাবে তৃতীয় দিনে থাকবে ধ্রুপদি নাচ, চতুর্থ দিন ফিউশন, পঞ্চম দিন নজরুলসংগীতের সঙ্গে এবং ষষ্ঠ দিন রবীন্দ্রসংগীতের সঙ্গে নাচ। এই পর্বগুলোতে নাচ করেছেন এই প্রজন্মের একঝাঁক নৃত্যশিল্পী।
অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার।
বাংলার সিনেমাপ্রেমীদের বুক কান্নায় ভাসিয়ে ১৯৯৬ সালে বিদায় নিয়েছিলেন সালমান শাহ। তাঁর গানগুলো নতুন করে দর্শকহৃদয়ে ছাপ ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।