সাড়ে আট ঘণ্টায় লেখা 'কবিতা সুন্দর'!

ঈদের তাড়ায় কাজগুলো একটু চটজলদিই সারতে হয়। কিন্তু অভিনেত্রী বিপাশা হায়াত বেশ সময় নিয়েই লিখেছিলেন তাঁর কবিতা সুন্দর নাটকটি। মাস দুয়েক ভেবেচিন্তে, তারপর ১৫ দিন সময় নিয়ে শেষ করেছিলেন নাটক লেখার কাজ। কিন্তু শেষমেশ সেই নাটকটি হলো না! তবে আক্ষেপের সুযোগ নেই। সময় নিয়ে লেখা কবিতা সুন্দর তৈরি না হলেও বিপাশা হায়াত একই নামেই আরও একটি নাটক লিখেছেন, একই শিল্পী, একই চ্যানেলে, একই সময়ে প্রচারের জন্য। তবে সেই নাটকটি লিখেছেন খুবই অল্প সময়ে, মাত্র সাড়ে আট ঘণ্টায়।
গল্পটি শোনালেন অভিনেত্রী ও নাট্যকার বিপাশা নিজেই। বললেন, ঈদের সময় চ্যানেল আইয়ে প্রচারের জন্য একটি নাটক লেখার কথা ছিল তাঁর। শুটিংয়ের দিন কয়েক আগে নাটকটি নিয়ে যাওয়া হয় এর অভিনয়শিল্পী আফজাল হোসেনের কাছে। হাতে সময় খুব কম। তাই চটজলদি কাজ সারার তাগিদ আছে। কিন্তু নাটকটি পড়ে আফজাল বললেন, এই নাটকের কাজ তো এত তাড়াহুড়ো করে সারা যাবে না। আফজাল সময় নিয়ে নাটকটির কাজ করতে চান, কারণ গল্পটি অনেক ভালো লেগে গেছে তাঁর। নাট্যকার বিপাশা হায়াতের জন্য এ ছিল এক দারুণ প্রাপ্তি। কিন্তু অন্যদিকে নাটকটির শিল্পী, নাম, প্রচারের সময় সব ঠিক হয়ে যাওয়ায় সেদিকেও ছিল চাপ। তাই আগের নাটকটি সময় নিয়ে করার জন্য রেখে নতুন করে একই নামে নাটক লিখতে বসলেন বিপাশা হায়াত। আগের গল্পটি যেখানে ছিল বেশ বিস্তৃত আর বিভিন্ন লোকেশন নিয়ে, সেখানে নতুন কবিতা সুন্দর লিখলেন একটি বাড়ির একটি রাতের গল্প নিয়ে। তিনি বলেন, ‘স্বতঃস্ফূর্তভাবে যখন লিখতে হয়, তখন তা একটা খেলার মতো মনে হয় আমার কাছে। খুব উপভোগ করি সেটা।’
বিপাশা হায়াত বলেন, ‘১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় নতুন করে কবিতা সুন্দর নাটকটি লিখতে বসি। রাত আড়াইটায় শেষ হয় লেখা। এরপর ১৯ সেপ্টেম্বর থেকে শুরু করে ২১ তারিখ মধ্যরাত পর্যন্ত একটানা শুটিং করে কাজ শেষ করতে হয়েছে। কারণ নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, তাঁকে জরুরি কাজে ২১ তারিখেই অস্ট্রেলিয়া যেতে হয়েছিল।
এভাবেই মাত্র তিন দিনে কাজ শেষ হলো ঈদের নাটক কবিতা সুন্দর-এর। নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। ঈদের চতুর্থ দিন এটি চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে। বিপাশা হায়াত তাঁর আলাপের শেষে বলেন, ‘আমি কৃতজ্ঞ আফজাল আঙ্কেল এবং মাহফুজের কাছে কবিতা সুন্দরকে ভালোবেসে এতটা ভালো লাগা নিয়ে কাজটি করার জন্য।’