সিদ্দিক কি পারবে কুসুমের কাছে ফিরতে

নাঈমুল নিলয়ের পরিচালনায় ‘সিদ্দিক’ বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত একটি ব্যতিক্রমী গল্পের নাটকছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা রিক্তা ও অভিনেতা অ্যালেন শুভ্র। এই দুজন গতকাল রোববার নতুন বছরে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন। জুটি হয়ে একক নাটকে অভিনয় করেছেন তাঁরা। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। গ্রামের পটভূমিতে নির্মিত ‘সিদ্দিক’ নাটকে দেখা যাবে তাঁদের। সম্প্রতি ঢাকার অদূরে পুবাইলে নাটকটির শুটিং হয়েছে। মোহাম্মদ ইয়াসিনের রচনায় নাটকটি পরিচালনা ও প্রযোজনা করেছেন নাইমুল নিলয়। এখানে আরও অভিনয় করেছেন নাসরিন সুলতানা, রায়হান আবদুল্লাহ, ডা. আমিন, জাফরিন ইসলাম, লিটন চৌধুরীসহ আরও অনেকে।

ছবি: সংগৃহীত

নাঈমুল নিলয়ের পরিচালনায় ‘সিদ্দিক’ বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত একটি ব্যতিক্রমী গল্পের নাটক। যেখানে মূল চরিত্র সিদ্দিক একটি সাহসী পদক্ষেপ নেয়। এর ফলে পরিবারে নেমে আসে বিপর্যয়। এ ধরনের গল্পে বাংলাদেশে খুব একটা নাটক হয়নি। অল্প সময়ের ভেতরই সমাজের দৃষ্টিভঙ্গি ও মানবিকতার ওপরে গল্পটি প্রভাব ফেলবে বলে মনে করেন গল্পটির লেখক মোহাম্মদ ইয়াসিন।

নাটকটি প্রসঙ্গে নাইমুল নিলয় প্রথম আলোকে বলেন, ‘গল্পে দেখা যাবে, সিদ্দিক ও কুসুম ভালো বন্ধু। কুসুম সিদ্দিকের প্রতি কিছুটা দুর্বল। অনেকভাবে সে সিদ্দিককে বোঝাতে যায়। কিন্তু সিদ্দিক বুঝেও না বোঝার ভান করে। তবে কখনো সিদ্দিক কুসুমকে অবজ্ঞা করে না। এককথায় কুসুম সিদ্দিককে অনেক ভালোবাসে। কিন্তু সিদ্দিক ভালোবাসাকে কখনো উপলব্ধি করেনি।

অভিনেত্রী ফারজানা রিক্তা ও অভিনেতা অ্যালেন শুভ্র
ছবি: সংগৃহীত

সে কুসুমকে বন্ধুর চোখে দেখে। একটা সময় সিদ্দিক চাকরির জন্য শহরে চলে যায়। কুসুম সিদ্দিকের ফেরার অপেক্ষায় থাকে। ফিরলেই সে তার ভালোবাসার কথা বলবে। সিদ্দিক কি আর গ্রামে ফিরবে? সে কি আর ফিরবে কুসুমের কাছে? কুসুম কি পারবে তার ভালোবাসার কথা বলতে? এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে “সিদ্দিক” নাটকটি। আশা করছি, দর্শক নাটকটি দেখে বেশ আনন্দ পাবেন।’
নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।