সিদ্দিকের তৃষ্ণা মেটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিকুর রহমান
ছবি: সংগৃহীত

‘আসসালামু আলাইকুম, আপনার শালিটা অনেক সুন্দর, আমি ভালো ফ্যামিলির ছেলে।’ ধারাবাহিক নাটক ‘গ্র্যাজুয়েট’-এ এটিই ছিল সিদ্দিকুর রহমানের প্রথম সংলাপ। এক দমে সংলাপ শেষ। তারপর বাসের পেছনের আসনে বসা তরুণীর দিকে বারবার চোরাচোখে উঁকি দিচ্ছিলেন তিনি। জাহিদ হাসানের ভাগনের চরিত্রে সহজ-সরল তরুণের ভূমিকায় তাঁর অভিনয় যাঁরা দেখেছেন, সিদ্দিককে কারও ভোলার কথা নয়।

টিভি নাটকে সিদ্দিকুর রহমানের ক্যারিয়ার শুরু হয় ২০০৫ সালে। ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘মাইক’, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’, ‘ড্যান্স ডিরেক্টর’, ‘ছাইয়া ছাইয়া’সহ অনেক নাটকে তাঁর অভিনয় ছিল অনবদ্য। তারপর থেকেই সিদ্দিক একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা। আগের সেসব নাটকে কাজ করে সিদ্দিক নিজেও বেশ আনন্দ পেতেন। এখনকার কোনো নাটকে সিদ্দিকের কোনো চরিত্র আর মানুষকে ঠিক আগের মতো হাসায় না। সিদ্দিকও ঠিক আগের মতো তৃপ্ত হতে পারছেন না। তিনি মনে করেন, নাটকের মান আর আগের মতো নেই। সিদ্দিক বললেন, ‘ভালো নাটক হয় না, তা না, কিন্তু খুবই কম। আমি আবার মানুষের প্রিয় সেই সিদ্দিক হয়ে ফিরতে চাই, আমার তৃষ্ণা মেটেনি।’

অভিনেতা সিদ্দিকুর রহমান
ছবি: সংগৃহীত

গতকাল দুপুরে শুটিং করছিলেন সিদ্দিকুর রহমান। নাটকের নাম ‘বউ বিরোধ’। সিদ্দিক অভিনয় করেছেন এ রকম অন্তত পাঁচটি ধারাবাহিক নাটক বর্তমানে বিভিন্ন চ্যানেলে চলমান। কিন্তু আগের সেই জনপ্রিয় কৌতুক অভিনেতা সিদ্দিককে কোথাও পাওয়া যাচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে সিদ্দিক জানালেন এক নতুন খবর।

বিপুল তৃষ্ণা নিয়ে সিদ্দিকুর রহমান নিজেই চালু করেছেন ফাইভ স্টার। আজ মঙ্গলবার নিজের এই প্রযোজনা সংস্থাটির কাজ শুরু করেছেন তিনি। এই প্ল্যাটফর্মের আওতায় সারা দেশ ঘুরে ঘুরে নাটকের শুটিং করবেন। ইচ্ছা আছে ৬০টি নাটক বানানোর। সিদ্দিক বলেন, ‘পরিচালক, লেখক, মডেল, অভিনয়শিল্পী, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, এই পাঁচ ধরনের তারকা নিয়ে আমাদের এই সংস্থা, তাই ফাইভ স্টার। শুরুতে ময়মনসিংহ, বগুড়া, রংপুর রাজশাহী, কুষ্টিয়া, যশোর ও খুলনায়। তারপর কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় নাটকগুলোর শুটিং হবে। এভাবে প্রতি মাসে ৫, ৭, ১০টি করে নাটক করব।’

নিজেরাই কেন নাটক বানাতে শুরু করলেন? সিদ্দিক বললেন, ‘সোশ্যাল মিডিয়ায় যেসব নাটক যাচ্ছে, সেগুলোর মান ভালো না। অনলাইন প্ল্যাটফর্মে মানসম্পন্ন কিছু নাটক প্রকাশের জন্যই কাজ করব আমরা। আমাদের মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে, ইউটিউবের জন্য নাটক বানালে অল্প টাকা খরচ করতে হবে। আমরা সেই ধারণা বদলে দেব। আমরা দেশের সব বিভাগে গিয়ে নাটকগুলোর শুটিং করছি। প্রতিটি নাটকেরই কোনো না কোনো বিশেষত্ব আছে। গতানুগতিক গল্পের নাটক না এগুলো, প্রচুর টাইম দিচ্ছি। “পিড়ি”, “চড়ুই প্রেম”, “মাতাল” নামে বেশ কয়েকটা নাটকের শুটিং করেও ফেলেছি। আবার কেউ কেউ মনে করে, ইউটিউবের জন্য বানাতে হলে নাটকের অনেক বাজেট থাকতে হবে। কারণ, টিভিতে নাটক একবার দেখায়, ইউটিউবে ওটা আজীবন থেকে যাবে, আর্কাইভ হয়ে যাবে। এ রকম একটা কাজের গুণগত মানের কথা মাথায় রেখে আমরা কাজ করছি।’

আগামী বছর থেকে সিদ্দিককে পাওয়া যাবে নতুন সব নাটকে
ছবি: সংগৃহীত

সব কটি নাটকেই কি দেখা যাবে সিদ্দিককে? জানালেন, সব কটিতে না থাকলেও কিছু কিছু নাটকে অভিনয় করবেন। সিদ্দিক বলেন, ‘আমার তৃষ্ণা মেটেনি। আগে আমাকে যথাযথভাবে ব্যবহার করতেন পরিচালকেরা। এখন নিজেই ফিল করলাম, ওই জায়গা ফেল করছে। সেটা নানা কারণে। হয়তো বাজেট বা স্ক্রিপ্ট বা পরিচালনা বা যেকোনো কারণে। আমি ওই জায়গায় স্যাটিসফায়েড না, তাই নিজের প্রোডাকশন দিয়ে ভালো কিছু করতে চাই।’

সিদ্দিককে আপাতত দেখা যাবে আরটিভির ‘শান্তি মলম ১০ টাকা’, ‘টুইন ভিলেজ’, নাগরিক টিভির ‘বউ বিরোধ’, এটিএন বাংলার ‘পরিবার’ ও বৈশাখী টিভির ‘জমিদারবাড়ি’ নাটকগুলোতে। আর সিদ্দিকদের প্রযোজিত নাটকের জন্য অপেক্ষা করতে হবে নতুন বছর পর্যন্ত।