সিনেমার আইটেম গানে তিশা!

রাত প্রায় ১১টার কাছাকাছি। ঢাকার একটি শুটিংবাড়ির ছাদে চলছে দৃশ্যধারণের প্রস্তুতি। এখানে একটি সিনেমার আইটেম গানের দৃশ্যধারণ হবে। এ জন্য নাচের কোরিওগ্রাফারের সঙ্গে অনুশীলন করেছেন নুসরাত ইমরোজ তিশা। তিনি এই ছবির দ্বিতীয় নায়িকা। রেকর্ডিংয়ে গান বাজলে তার তালে তালে নাচবেন এই অভিনেত্রী। পরিচালক তাকিয়ে আছেন আকাশের দিকে। কারণ, আকাশে মেঘ, যেকোনো সময় বৃষ্টি নামবে। কোরিওগ্রাফারের ডাকেই তিনি শুটিংয়ে মনোযোগী হলেন। অনুশীলন শেষ। এবার বেজে উঠল গান ‘যতই ঘুড়ি উড়াও রাতে, লাটাই তো আমার হাতে’। সঙ্গে সঙ্গে শুরু হলো নাচ। অভিনেত্রী তিশার নাচে মুগ্ধ সবাই। এভাবেই দৃশ্যধারণ চলছিল ‘বোকাবাক্স’ নামের একটি নাটকের। এটি রচনা ও পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। গল্পের প্রয়োজনেই তিশাকে দেখা যাবে চলচ্চিত্রের আইটেম গানে নাচতে। অভিনীত চরিত্রটি সম্পর্কে তিশা বলেন, ‘নাটকে আমি আইটেম গানে অভিনয় করেছি। তবে এটা সম্পর্কে এখনই কিছু বলতে চাই না।’
পরিচালক জানান, গল্পটি মফস্বল থেকে অভিনয় করতে আসা একটি মেয়েকে কেন্দ্র করেই এগিয়েছে। নাটকটিতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সুজাত শিমুল প্রমুখ।