সিনেমার কাজ করতে গিয়ে টেলিভিশনের জন্য তেমন কাজ করতে পারিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকিয়া বারী মম
জাকিয়া বারী মম

ঈদুল আজহা উপলক্ষে বেশ কয়েকটি চ্যানেলের টেলিছবিতে দেখা যাবে অভিনয়শিল্পী জাকিয়া বারী মমকে। ইদানীং তাঁর ব্যস্ততা সিনেমা নিয়ে। ঈদের পর শুরু হতে যাচ্ছে তাঁর প্রথম বলিউড ছবির প্রাথমিক কাজ। চলচ্চিত্র ও টিভিতে নিজের কাজগুলো নিয়ে কথা বললেন এই অভিনেত্রী

ঈদ করছেন কোথায়?

ঢাকায়। তবে ঈদের পরপরই ভারতের মুম্বাই যাচ্ছি। আমার প্রথম বলিউড ছবির চুক্তি সই ও ফটোশুটের কাজ করতে। ডিসেম্বরে ছবির শুটিং শুরুর কথা আছে। পরিচালনা করবেন ফয়সাল সাইফ।

বলিউডে অভিষেক হতে যাচ্ছে, কেমন লাগছে? আপনার সঙ্গে অভিনয় করবেন কে?

বাংলাদেশি অভিনয়শিল্পী হিসেবে আমাকে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে হবে। এটা একটা বড় দায়বদ্ধতা এবং দেশের মর্যাদা রক্ষার কাজ। গুরুত্বের সঙ্গে কাজটা করতে চাই। তার ওপর ঋতুপর্ণ ঘোষের কাহিনি অবলম্বনে ছবি, সেটাও অনেক গুরুত্বপূর্ণ। আমার সঙ্গে কে অভিনয় করবেন, সেটা এখনো নিশ্চিত জানতে পারিনি।

সম্প্রতি যে সিনেমাগুলোয় কাজ করলেন সেগুলোর কী অবস্থা?

আলতাবানু ছবিটার শুটিং শেষ করলাম। অরুণ চৌধুরীর প্রথম ছবি এটা। তানিম রহমানের ছবি স্বপ্নবাড়ির শুটিংও শেষ হলো। শিগগিরই হয়তো মুক্তি পাবে ছবিগুলো। টুকটাক কাজ বাকি আছে। দেশে নতুন একটি ছবির কথাবার্তা চলছে এবং কলকাতায় নতুন একটি ছবি নিয়েও আলোচনা চলছে। চূড়ান্ত হলে জানাতে পারব।

এবার ঈদে টেলিভিশনের জন্য কতগুলো কাজ করেছেন?

সিনেমার কাজ করতে গিয়ে টেলিভিশনের জন্য তেমন কাজ করতে পারিনি। যেগুলোর কথা মনে আছে সেগুলো হচ্ছে, শিহাব শাহীনের সোলমেইট, আবু হায়াত মাহমুদের ভাঙনওতানিয়া আহমেদের ছায়া। প্রতিটা কাজ দর্শকদের ভালো লাগবে আশা করি।