সিনেমার গান থেকে ঈদের নাটক
বাংলা চলচ্চিত্রের ছয়টি জনপ্রিয় গানের ভাব অবলম্বনে তৈরি হচ্ছে ছয় পর্বের একটি নাটক। আগামী ঈদ উত্সবে সিম্ফনি রেইন নামের এ ধারাবাহিক আয়োজনটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’, ‘তুমি যে আমার কবিতা’, ‘আমি কার জন্য পথ চেয়ে রব’, ‘আবার এল যে সন্ধ্যা’, ‘এখানে দুজনে নিরজনে’ ও ‘এখন তো সময় কাছে আসার’—এই ছয়টি গান নিয়ে পুরো সিম্ফোনি রেইন-এর ভাবনা সাজানো হয়েছে। ধারাবাহিকটি রচনা করেছেন হাবিব জাকারিয়া এবং পরিচালনা করছেন অনন্য ইমন।
নির্মাতা বলেন, নাটকের প্রতিটি পর্বে তাঁরা স্মরণ করবেন ও শ্রদ্ধা জানাবেন গানগুলোর সুরকার, গীতিকার ও শিল্পীদের। কালজয়ী এই গানগুলোর ভাব অবলম্বন করে তিনি এ সময়ের প্রেক্ষাপটে প্রতিটি পর্ব পরিচালনা করবেন। গতকাল রোববার থেকে শুরু হয়েছে নাটকটির শুটিং। প্রথম দিন ‘আবার এল যে সন্ধ্যা’ গান অবলম্বনে রচিত পর্বটির শুটিং হয়। এ পর্বে অভিনয় করেছেন নাঈম ও শবনম ফারিয়া।
তা ছাড়া শিগগিরই অন্য পর্বগুলোর দৃশ্যধারণও হবে। নির্মাতা বলেন, অন্য পর্বগুলোয় রিয়াজ, তিশা, দিনার, আফরান নিশো, অপর্ণা, আমিন খান, সজল, ফারহানা মিলি, নিরব, ইমন, ভাবনা, সারিকা, সুজানা, ইরফান সাজ্জাদ, তৌসিফ, জোভান, স্পর্শিয়া ও সাবিলা নূর অভিনয় করবেন।