সুগন্ধির বিজ্ঞাপনে নায়লা

স্থিরচিত্রে ও গানের ভিডিওতে খোলামেলা উপস্থিতি দিয়ে বেশ আলোচিত নায়লা নাঈম। কাজ করেছেন চলচ্চিত্রেও, এবার মডেল হলেন একটি সুগন্ধি পণ্যের। মাস খানেক আগে সিলেটের একটি রিসোর্টে নতুন এই বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ে অংশ নেন নায়লা নাঈম। বিজ্ঞাপনচিত্রটিকে আন্তর্জাতিক মানের উল্লেখ করে নায়লা নাঈম বলেন, ‘যে পরিমাণ বাজেট এবং ব্যাপক আয়োজনে বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করা হয়েছে, তা নিঃসন্দেহে অনেকেরই ভালো লাগবে। কিছুদিন আগে অবশ্য আমি নিজেও দেখেছি। বিজ্ঞাপনচিত্রটিতে নিজেকে দেখে নিজেই বিস্মিত হয়েছি। এত সুন্দর বিজ্ঞাপনচিত্র আমাদের দেশে নির্মাণ হতে পারে, তা রীতিমতো অবিশ্বাস্য মনে হয়েছে।’
বিজ্ঞাপনচিত্রে নায়লা নাঈমের অভিষেক হয়েছিল গ্রামীণফোনের কাজ দিয়ে। তবে এবারের বিজ্ঞাপনচিত্রটি নিয়ে অনেক বেশি আশাবাদী তিনি। বললেন, ‘একটানা আমরা প্রায় ২৪ ঘণ্টা কাজ করেছি। শুধু এইটুকু বলতে পারি, অসাধারণ একটা কাজ হয়েছে।’
নায়লা নাঈম আরও জানান, ‘এজেন্সি ও নির্মাতা সূত্রে জানতে পেরেছি, খুব শিগগিরই আমার নতুন বিজ্ঞাপনচিত্রটি টিভিতে প্রচার শুরু হবে। তাঁরা আরও জানিয়েছেন, একসঙ্গে ৬০টি দেশে বিজ্ঞাপনটি প্রচার করা হবে।’
নায়লা নাঈমের নতুন বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা রম্য খান। আর এতে নায়লার সহশিল্পী ছিলেন আরও চারজন মডেল। এদিকে নায়লা নাঈমের হাতে রয়েছে কয়েকটি সিনেমার কাজ। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এখনো শুটিংয়ে অংশ নিতে পারছেন না। কথা প্রসঙ্গে বললেন,‘ কয়েকদিন ধরে মেরুদণ্ডের ব্যথায় ভুগছি। একটু সুস্থ হলেই কাজ শুরু করব।’