সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবেন তিনি
মাথায় লাল টুপি, পরনে লাল পাঞ্জাবি আর গলায় মোটা চেন। হাসিমুখে পুরান ঢাকার ‘লালবাগী’ নামের এক দুষ্ট লোকের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন। ‘বউ শাশুড়ি’ নাটকে আজমল সাহেবের পরিবারে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়ার দুরভিসন্ধি নিয়ে নাটকে অভিষেক হচ্ছে তাঁর।
আজ রোববার ‘বউ শাশুড়ি’ নাটকের ৩০০তম পর্ব। আবিরের বিয়ে নিয়ে পরিবারের সবাই যখন ব্যস্ত, তখন আবির তার প্রেমিকা শিলাকে বিয়ে করে বাসায় নিয়ে আসে। শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। কারণ, আবিরের মা রওশন আরা তার ছেলের সঙ্গে কোনো আলোচনা না করেই ব্যবসার সহযোগী আজমল সাহেবের মেয়ের সঙ্গে আবিরের বিয়ে ঠিক করেছেন। আজমল সাহেবের মেয়েকে পুত্রবধূ বানাতে না পারলে রওশন আরাকে পুরো পরিবার নিয়ে পথে নামতে হবে। ঘটনা সামাল দিতে বাড়ির মেজ ছেলে দুলাল দায়িত্ব নেয় শিলাকে বাড়ি থেকে বের করে আজমল সাহেবের মেয়ে ডায়নাকে বাড়ির বউ করার। এ নিয়ে পারিবারিক নানা উত্তেজনা নিয়ে নাটকের গল্প।
লালবাগী চরিত্রের অভিনেতা শোভন টিভি নাটক ও সিনেমায় কাজ করে যাচ্ছেন। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটকের গল্পটি আমাকে দারুণ আকৃষ্ট করেছে। আর আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। সচরাচর এ ধরনের চরিত্রে আমি অভিনয় করি না। আমাকে মানুষ সহজ–সরল ও কোমল চরিত্রে দেখে অভ্যস্ত। তবে এ নাটকে আমার অভিনয় দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস।’
টিপু আলমের গল্প, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকে আরও অভিনয় করছেন রোজী সিদ্দিকী, শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহদে, অনামিকা, গুলশান আরা প্রমুখ। শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে নাটকটি দেখানো হয় বৈশাখী টিভিতে।