সুচিত্রা সেন স্মরণে 'আমার গানের নিমন্ত্রণে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমার গানের নিমন্ত্রণে’ অনুষ্ঠানে কনা
‘আমার গানের নিমন্ত্রণে’ অনুষ্ঠানে কনা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী প্রয়াত সুচিত্রা সেন স্মরণে এবারের ঈদে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘আমার গানের নিমন্ত্রণে’। সুচিত্রা সেন অভিনীত নির্বাচিত ১০টি বাংলা চলচ্চিত্র থেকে ১০টি জনপ্রিয় গান দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। জীবদ্দশায় গানগুলোতে ঠোঁট মিলিয়েছিলেন সুচিত্রা সেন। ঈদের তৃতীয় দিন বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠানটি প্রচারিত হবে এনটিভিতে।
এনটিভি সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল সৈয়দের পরিকল্পনায় ‘আমার গানের নিমন্ত্রণে’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। অনুষ্ঠানে মকসুদ জামিল মিন্টুর সংগীতায়োজনে ১০টি গান নতুন করে গেয়েছেন কনা, নির্ঝর, প্রিয়াংকা গোপ, অণিমা রায় ও অনুপমা মুক্তি। শিল্পীরা প্রত্যেকেই দুটি করে গান গেয়েছেন।

গানগুলো হলো—‘এই যে কাছে ডাকা’, ‘সে আমার বুক ভরানো ছোট্ট একটা চিঠি’, ‘তুমি যে আমার এই ভুবনে’, ‘আমি স্বপ্নে তোমায় দেখেছি’, ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’, ‘কিছু খুশি কিছু নেশা’, ‘এই আকাশ নতুন বাতাস নতুন’, ‘ঝনক ঝনক কনক কাঁকন বাজে’, ‘মোর বীণা উঠে কোন সুরে বাজি’ ও ‘আমি আপন করিয়া চাহিনি’।
সুচিত্রা সেনের জন্ম ১৯৩১ সালের ৬ এপ্রিল, বাংলাদেশের পাবনায়। শৈশব কেটেছে সেখানেই। তাঁর বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ১৯৪৭ সালে কলকাতার বিশিষ্ট বাঙালি শিল্পপতি আদিনাথ সেনের ছেলে দীবানাথ সেনের সঙ্গে সুচিত্রার বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তান অভিনেত্রী মুনমুন সেন।
সুচিত্রা সেন চলচ্চিত্র জগতে প্রথম পা রাখেন ১৯৫২ সালে। তাঁর প্রথম ছবি ‘শেষ কোথায়’। তবে ছবিটি আলোর মুখ দেখেনি। ১৯৫৩ সালে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে অভিনয় করে চলচ্চিত্র অঙ্গনে সাড়া ফেলে দেন সুচিত্রা। পরবর্তী সময়ে ‘অগ্নি পরীক্ষা’ ‘গৃহ প্রবেশ’, ‘মরণের পরে’, ‘দেবদাস’ (হিন্দি), ‘শাপমোচন’, ‘ভালোবাসা’, ‘সাগরিকা’, ‘শিল্পী’, ‘একটি রাত’, ‘হারানো সুর’, ‘পথে হল দেরি’, ‘জীবন তৃষ্ণা’, ‘চন্দ্রনাথ’, মুসাফির (হিন্দি), ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’, ‘ইন্দ্রাণী’, ‘দ্বীপ জ্বেলে যাই’, ‘চাওয়া পাওয়া’, ‘হসপিটাল’, ‘বোম্বাই কা বাবু’ (হিন্দি), ‘সপ্তপদী’, ‘সাত পাকে বাঁধা’, ‘মমতা’, ‘গৃহদাহ, ‘আলো আমার আলো’, ‘হার মানা হার’, ‘দেবী চৌধুরাণী’, ‘আঁঁধি’ (হিন্দি) ও ‘প্রণয়পাশা’সহ অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দেন সুচিত্রা সেন।
সুচিত্রা সেন ১৯৭৮ সালে ‘প্রণয় পাশা’ ছবি করার পর লোকচক্ষুর অন্তরালে চলে যান। এরপর থেকে তিনি আর জনসমক্ষে আসেননি।
কাজের স্বীকৃতি হিসেবে সুচিত্রা সেন ১৯৬৩ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ‘সাত পাকে বাঁধা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ১৯৭২ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী দেওয়া হয় তাঁকে। ২০০৫ সালে সুচিত্রা সেনকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব করা হলে তিনি দিল্লি গিয়ে ওই সম্মাননা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন।
গত বছরের ২৩ ডিসেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে কলকাতার বেসরকারি হাসপাতাল বেলভিউয়ে ভর্তি হন সুচিত্রা সেন। ২৫ দিন লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এই ‘হার মানা হার’ তারকা। চলতি বছরের ১৭ জানুয়রি হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান গুণী এ অভিনেত্রী। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।