সুচিত্রাদির ঢাকা সফর ছিল এক বিশেষ প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>কিছু অনবদ্য সাহিত্য সৃষ্টি ছিল তাঁর, যেসব নিয়ে হয়েছে চলচ্চিত্র-নাটক। তার মধ্যে একটি কাছের মানুষ। সুচিত্রা ভট্টাচার্য্যের জনপ্রিয় এই উপন্যাস নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন আফসানা মিমি। সে সময় মিমি খুব কাছ থেকে দেখেছিলেন সদ্যপ্রয়াত সুচিত্রাকে। সেই পরিচয়ের গল্পই মিমি জানালেন প্রথম আলোকে
কাছের মানুষ নাটকের একটি অনুষ্ঠানে সুচিত্রা ভট্টাচার্য্য, সঙ্গে সুবর্ণা মুস্তাফা, সানজিদা প্রীতি, রোজী সিদ্দিকী, আফসানা মিমি ও ফারহানা মিঠু l ছবি: সংগৃহীত
কাছের মানুষ নাটকের একটি অনুষ্ঠানে সুচিত্রা ভট্টাচার্য্য, সঙ্গে সুবর্ণা মুস্তাফা, সানজিদা প্রীতি, রোজী সিদ্দিকী, আফসানা মিমি ও ফারহানা মিঠু l ছবি: সংগৃহীত

আজ (বুধবার) সকালে যখন শুনলাম সুচিত্রাদি (সুচিত্রা ভট্টাচার্য্য) আর নেই, তখন থেকেই মন অস্থির হয়ে আছে। মনে পড়ছে ২০০৪ সালের কথা। সে বছরই প্রথম দেখা হয় তাঁর সঙ্গে। আমি ধারাবাহিক নাটক তৈরির জন্য একটা ভালো উপন্যাস খুঁজছিলাম। তখনো আমার কাছের মানুষ পড়া হয়নি। বন্ধু ও অভিনেতা ইন্তেখাব দিনার আমাকে বলল কাছের মানুষ-এর কথা। তখনই উপন্যাসটি পড়া এবং ঠিক করে ফেলা যে এটা নিয়ে তৈরি করব নাটক। পাঠক হিসেবে সুচিত্রা ভট্টাচার্য্যের লেখার সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত আমি। তবে কাছের মানুষ-এর সুবাদে ব্যক্তিগতভাবে পরিচয় শুরু।
কাছের মানুষ নিয়ে নাটক তৈরির অনুমতি নিতে কলকাতায় তাঁর কাছে যাই। বাংলাদেশ থেকে একজন নির্মাতা তাঁর সৃষ্টি নিয়ে কাজ করতে চায়, এটা জেনে খুব খুশি হয়েছিলেন সুচিত্রাদি। এমনকি যখন তাঁর উপন্যাসকে চিত্রনাট্যের জন্য কিছুটা পরিবর্তন করার অনুমতি চাই, তখন তিনি তা হাসিমুখে মেনে নেন।
২০০৫ সালে শুরু হয় কাছের মানুষ ধারাবাহিকের শুটিং। সে বছরই এর প্রচার শুরু। সুচিত্রাদি প্রায় সময়ই ফোনে জানতে চাইতেন, কাজ কেমন হচ্ছে? ‘ইন্দ্রাণী’ চরিত্রে সুবর্ণা (সুবর্ণা মুস্তাফা) কেমন করছে? আরও নানা প্রশ্ন ছিল তাঁর। কথার ফাঁকেই বলতেন প্রায়, ‘সুযোগ হলেই আমি ঢাকায় এসে পড়ব।’ আমিও বলতাম, ‘আমিই আপনাকে ঢাকায় নিয়ে আসব।’ ২০০৬ সালে কাছের মানুষ ধারাবাহিকটির যখন ১০০ পর্ব প্রচার হয়, তখন তাঁকে ঢাকায় নিয়ে আসি আমরা। সুচিত্রাদির সেই ঢাকা সফর আমাদের জন্য ছিল এক বিশেষ প্রাপ্তি। সবার সাড়া আর আগ্রহ দেখে সুচিত্রাদি দারুণ আপ্লুত হয়েছিলেন। এরপর বিভিন্ন সময় কলকাতায় যাওয়া হলে আরও কয়েকবার দেখা হয় তাঁর সঙ্গে। খুব জলদিই আবার তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। তাঁর নীলঘূর্ণি উপন্যাস নিয়ে ছবি বানানোর ভাবনা আছে। তাই এবার তা নিয়েই সুচিত্রাদির সঙ্গে কথা বলতে যেতাম। কিন্তু এর আগেই তিনি চলে গেলেন।
সকালে এ খবর শোনার পরই সুবর্ণা আপাকে ফোন দিই। সে সময়ের অনুভূতিটা ভাগ করে নিই তাঁর সঙ্গে। সুচিত্রাদি আমাদের জন্য ছিলেন খুব মিষ্টি-ছোটখাটো একজন মানুষ। খুব হাসিখুশি। আজ সারা দিন শুধু সেই কাছের মানুষ-এর দিনগুলোর কথা মনে পড়ছে। সুচিত্রাদির এই সৃষ্টি থেকে তৈরি কাজটি আমার জীবনের এক সেরা অধ্যায় হয়ে আছে।