
প্রতিযোগী ছিলেন কয়েক হাজার। সেখান থেকে বাছাই হয়েছেন মাত্র ৪৯ জন। এবার তারা লড়বেন টিভি দর্শক ও বিচারকদের সামনে। তবে গান, অভিনয় কিংবা নৃত্য নিয়ে নয়, তাড়া লড়বেন ‘রান্না’ করার প্রতিভা নিয়ে। কারণ আগামীকাল ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনি ১৪২২’ মৌসুমের প্রচার। এরই মধ্যে ৪৯ জন প্রতিযোগীরা গ্রুমিং শেষ করেছেন। এখন লড়বেন সেরা হওয়ার লক্ষ্যে। দেশের সেরা রান্না বিশেষজ্ঞদের মাধ্যমে বাছাই করা এই প্রতিযোগীরা পর্যায়ক্রমে বিভিন্ন ধাপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে থাকবেন রাহিমা সুলতানা রীতা ও শুভব্রত মৈত্র। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সেরা রাঁধুনি হতে হলে বুদ্ধিদীপ্ত উপস্থাপনের মাধ্যমে তাঁর রেসিপি বিপণনেও পারদর্শী হতে হবে, যাতে ভবিষ্যতে তিনি খাবার বা রান্নাকে ব্যবসা হিসেবে বেছে নিতে পারেন। চতুর্থবারের মতো এ আয়োজনে সেরা রাধুনির পুরস্কার দেওয়া হবে ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ ও ৫ লাখ টাকা।
এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রুমানা মালিক মুনমুন।