সেলিমের 'কাকতাড়ুয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাকতাড়ুয়া নাটকের দৃশ্য
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাকতাড়ুয়া নাটকের দৃশ্য

বছর দুয়েক পর খণ্ডনাটক নির্মাণ করলেন গিয়াস উদ্দিন সেলিম। নাটকের নাম কাকতাড়ুয়া। এ মাসের শুরুতে মানিকগঞ্জে হয়ে গেল কাকতাড়ুয়ার শুটিং। নাটকটি প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, কাকতাড়ুয়া মূলত সুন্দর পরিবার তৈরি করার গল্প। কীভাবে একটি পরিবার সাজানো-গোছানোভাবে গড়ে তোলা যায়, সেটাই দেখানো হবে নাটকে।
নাটকটির নাম কেন কাকতাড়ুয়া, সে বিষয়ে খোলাসা করেননি পরিচালক। ‘এটা নিয়ে একটা চমক আছে। দর্শক দেখলে বুঝবেন।’ বলেন সেলিম। সমাজ সচেতনতামূলক নাটকটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য, শিক্ষা, উদ্বুদ্ধকরণ (আইইএম) ইউনিটের সহযোগিতায় নির্মিত হয়েছে বলে জানান তিনি।
কাকতাড়ুয়ার গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, ইশরাত নিশাত ও সুষমা সরকার। আগামী মাসেই নাটকটি প্রচারিত হবে বিটিভিসহ দেশের বেশ কয়েকটি বেসরকারি চ্যানেলে।
সেলিম জানান, তাড়াতাড়ি তিনি নতুন সিনেমা নির্মাণের কাজে হাত দেবেন। সেলিম পরিচালিত প্রথম চলচ্চিত্র মনপুরা মুক্তি পেয়েছিল ২০০৯ সালে।