সোনালি দিন ফেরাতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাট নিয়ে তৈরি বিজ্ঞাপনচিত্রে আনিসুর রহমান মিলন ও জ্যোতিকা জ্যোতি
পাট নিয়ে তৈরি বিজ্ঞাপনচিত্রে আনিসুর রহমান মিলন ও জ্যোতিকা জ্যোতি

ওপরে খোলা আকাশ। চারদিকে টিনের বেড়া। ওপর থেকে গাছের পাতা ঝরে পড়ছে বিছানায়। চারদিকে উড়ছে রাতের নানা পোকা। বিছানায় শুয়ে আছে এক দম্পতি। সন্তানের ইচ্ছাপূরণের স্বপ্ন দেখে তারা। তাদের ওপর ক্যামেরা, লাইট আরও নানা আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে ঝুঁকে আছে একদল মানুষ। এটি একটি বিজ্ঞাপনচিত্রের দৃশ্যধারণের গল্প। আর গল্পটি এভাবেই বলেছেন বিজ্ঞাপনচিত্রটির অভিনেতা আনিসুর রহমান মিলন।

মিলন বলেন, ‘এমন বেডরুম বাস্তবে কেউ ভাবতে পারেন? মোটেই না। এ কেবল চলচ্চিত্র, নাটক কিংবা বিজ্ঞাপনচিত্রেই সম্ভব।’

বিজ্ঞাপনচিত্রটি নির্মিত হচ্ছে আমাদের দেশের ‘সোনালি আঁশ’খ্যাত পাট নিয়ে। এক সময় পাট ছিল আমাদের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎ​স। কিন্তু ক্রমশ উদ্যোগ আর সহযোগিতার অভাবে পাট গুরুত্ব হারায়। পিছিয়ে পড়ে পাটশিল্প।

মিলন জানিয়েছেন, পাটকে জনপ্রিয় করতে, পাটের পণ্য ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করার জন্যই এই বিজ্ঞাপনচিত্র তৈরি করছে পাট মন্ত্রণালয়। একজন পানচাষি ও তার পরিবারের গল্প তুলে ধরা হচ্ছে ১ মিনিটের এই বিজ্ঞাপনচিত্রে। ১ ও ২ ফেব্রুয়ারি এর শুটিং হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক গ্রামে। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করছেন রানা মাসুদ, ক্যামেরায় ছিলেন ভারতের হায়দরাবাদের ভেঙ্কেট গঙ্গাধারী।

বিজ্ঞাপনচিত্রে আরও অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন, ‘পাট নিয়ে কাজ করতে গিয়ে কিছু মজার অভিজ্ঞতা হলো। এই যেমন পাটের গন্ধ। আমরা যারা শহরে আছি, তারা বলতে পারব না, পাটের গন্ধ কেমন। গ্রামের সঙ্গে যাদের যোগাযোগ নেই, তাদের জন্য কিন্তু বলাটা খুব কঠিন হবে। আমি এবার পাটের গন্ধ কাছ থেকে অনুভব করেছি, দারুণ!’

শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি দেখানো হবে বিভিন্ন টিভি চ্যানেলে।