সৌন্দর্যের রহস্য জানাবেন অপর্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্যান্ডালিনা-রূপকথা’ অনুষ্ঠানের শুটিংয়ে অপর্ণা (ডানে)
‘স্যান্ডালিনা-রূপকথা’ অনুষ্ঠানের শুটিংয়ে অপর্ণা (ডানে)

তারকাদের সৌন্দর্যের রহস্য জানানোর মিশনে নামছেন অভিনেত্রী অপর্ণা। ‘স্যান্ডালিনা-রূপকথা’ অনুষ্ঠানে তারকাদের সৌন্দর্যের রহস্য উন্মোচন করবেন তিনি।
‘স্যান্ডালিনা-রূপকথা’ অনুষ্ঠানটি দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আর মাত্র দুদিন। ২৪ জুন থেকে মাছরাঙা টেলিভিশনে এর প্রচার শুরু হচ্ছে। অনুষ্ঠানটির সঞ্চালক অপর্ণা।
গতকাল রোববার বিএফডিসির তিন নম্বর ফ্লোরে অনুষ্ঠানটির শুটিং শেষ হয়েছে। প্রযোজক ফয়েজ রেজা।
প্রথম আলোর সঙ্গে আলাপে অপর্ণা বললেন, ‘আমি খুব বেশি অনুষ্ঠান উপস্থাপনা করিনি।ক্যারিয়ারের শুরুতে ফয়েজ রেজা ভাইয়ের অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। এখনো তাঁর বিভিন্ন অনুষ্ঠানে আমাকে সঞ্চালক হিসেবে দেখা যায়। রেজা ভাইয়ের অনুষ্ঠানগুলো বেশ আনন্দ নিয়ে উপস্থাপনা করি। ভালো লাগে। তবে আমি নিজে সঞ্চালক পরিচয়ে পরিচিত হতে চাই না।’
‘স্যান্ডালিনা-রূপকথা’ অনুষ্ঠান প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘অনুষ্ঠানটির ২৪ পর্বের শুটিং করা হয়েছে। প্রতি পর্বে একজন করে তারকা অতিথি হয়ে এসেছেন। তাঁরা সবাই নিজেদের লাইফস্টাইল সম্পর্কে খোলামেলা কথা বলেছেন। জানিয়েছেন সৌন্দর্যের রহস্যের নানা কথা। আমি সঞ্চালক হয়ে তাঁদের সেই কথা দর্শকদের সামনে তুলে ধরার কাজটি করেছি মাত্র।’
অপর্ণা এখন ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন। নাটকের বিষয়ে বললেন, ‘বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকের শুটিং শেষ হয়েছে। সামনে আরও কয়েকটি নাটকে অভিনয়ের কথাবার্তা চলছে।’
এদিকে, কিছুদিন আগে মুক্তি পেয়েছে অপর্ণা অভিনীত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’। প্রসূন রহমান পরিচালিত এই ছবিতে অভিনয়ের জন্য অপর্ণা প্রশংসিত হয়েছেন।