সৌরভের গল্পে খ্যাতিমানেরা

কালজয়ী বাংলা উপন্যাস ও গল্পের চরিত্রদের এবার দেখা যাবে ঈদে টেলিভিশনে। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নিমাই ও সমরেশের নায়িকা হয়ে পর্দায় আসছেন এই সময়ের জনপ্রিয় সাত অভিনেত্রী মৌ, তিশা, মম, অপর্ণা, মেহজাবিন, সারিকা ও নাদিয়া মিম। এই নায়িকাদের বিপরীতে অভিনয় করবেন মাহফুজ, রিয়াজ, ইমন, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, তৌকীর আহমেদ, জোভান, সিয়াম, শামিম সরকার ও মারজুক রাসেল। খ্যাতিমানদের গল্প নিয়ে নির্মিত টিভি সিরিজ ‘লাক্স চিরচেনা সৌরভের গল্প’তে দেখা যাবে তাঁদের।
ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত এই সিরিজে রয়েছে সাতটি নাটক। এগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা ও ‘নষ্টনীড়’-এর অনুপ্রেরণায় শেষের গল্প ও ছুটির নিমন্ত্রণে; শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা ও পরিণীতার অনুপ্রেরণায় এনগেইজড ও পরস্পর; বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলার অনুপ্রেরণায় অভিমান; নিমাই ভট্টাচার্যের মেমসাহেব অনুপ্রেরণায় সাহেব মেমসাহেব এবং সমরেশ মজুমদারের গর্ভধারিণীর অনুপ্রেরণায় মুখোশের আড়ালে। নাটকগুলো পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল, তুহিন হোসেন, আবু হায়াত মাহমুদ, গৌতম কৈরী, নঈম ইমতিয়াজ, আশফাক নিপুণ ও মাবরুর রশীদ। ঈদের সাত দিনের অনুষ্ঠানমালায় রাত ১০টায় নাটকগুলো দেখা যাবে আরটিভিতে।