স্ক্রিপ্ট চুরি ঠেকাতে!

রসিক মানুষ হিসেবে সুপরিচিত অভিনেতা ফারুক আহমেদ। শুটিং স্পট মাতিয়ে রাখতেও তাঁর জুড়ি নেই। নাটকে তাঁর উপস্থিতিও দর্শকদের জন্য বাড়তি আনন্দ। কিন্তু এই বাড়তি আনন্দ দিতে গিয়ে বা অভিনয় করতে গিয়ে শুটিং স্পটে প্রায়ই তিনি হারিয়ে ফেলেন স্ক্রিপ্ট। অবশ্য, ফারুক আহমেদের ভাষায় পরিচালকের কাছ থেকে পাওয়া তাঁর স্ক্রিপ্টটি প্রায়ই ‘চুরি’ যায়। কিন্তু এরও তো একটা সীমা আছে! আর কতবারই বা চাওয়া যায় স্ক্রিপ্ট!
সম্প্রতি এই স্ক্রিপ্ট হারানো বা স্ক্রিপ্ট চুরি রোধে তাই দারুণ এক বুদ্ধি বা কৌশলই বের করেছেন রসিক এই অভিনেতা। পরিচালকের কাছ থেকে স্ক্রিপ্ট হাতে আসার পর অভিনয়ের কথা চূড়ান্ত হলে সেই স্ক্রিপ্টের প্রথম পাতায় তিনি লিখে রাখেন, ‘এই স্ক্রিপ্টের প্রকৃত মালিক জনাব ফারুক আহমেদ। কেউ স্ক্রিপ্টটি চুরি করে ধরা পড়লে... তাঁর হাত কেটে দেয়া হবে।’
এখানেই শেষ নয়, এ লেখার নিচে ফারুক নিজের হাতেই এঁকে রেখেছেন একটি কাটা হাতের ছবি। সেই কাটা হাত বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত।
স্ক্রিপ্ট চুরি ঠেকানোর এমন কায়দাকানুন নিয়ে হাসতে হাসতে ফারুক আহমেদ বললেন, ‘বেশ কয়েক দিন ধরেই এ পদ্ধতি অবলম্বন করছি। এখন আর স্ক্রিপ্ট চুরি হয় না। এখন সবাই এই স্ক্রিপ্টে হাত দিতে ভয় পায়।’
ফারুক আহমেদ বর্তমানে শুটিং করছেন অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় ‘তীরন্দাজ’ ধারাবাহিকের। সেই নাটকের স্ক্রিপ্টেই দেখা মিলল এমন লেখার।
তাঁর এমন অভিনব কায়দায় স্ক্রিপ্ট চুরি ঠেকানো নিয়ে শুটিং স্পটেও মাঝে মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। তবে যত কিছুই হোক; চুরি তো ঠেকানো গেছে। এটাই এ লেখার প্রাপ্তি বলে জানিয়েছেন তিনি।
জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ বর্তমানে ব্যস্ত আছেন বেশ কয়েকটি ধারাবাহিকের কাজ নিয়ে। এ ছাড়া, মাঝে মধ্যে তিনি চিত্রনাট্যও লিখে থাকেন।