স্ত্রীর কথা রাখতে গিয়ে

বিয়ের পর ঘোরাঘুরি ও আত্মীয়স্বজনের বাড়িতে দাওয়াত খেতে খেতে বেশ মুটিয়ে যান নাঈম। মাস খানেক আগে বিষয়টি স্ত্রী নাদিয়ার নজরে আসে। এরপরই স্বামীর ওজন কমানোর একটা উদ্যোগ নেন তিনি। প্রাথমিকভাবে এ যাত্রায় সফল নাদিয়া। স্ত্রীর পরামর্শে ওজন কমাতে পেরে দারুণ খুশি নাঈম। বেশ ফুরফুরে মেজাজে আছেনও বলা যায়।
এ বছরের শুরুর মাসে বিয়ে করে সংসারী হন অভিনয়শিল্পী নাঈম ও নাদিয়া। বিয়ের পর থেকে দাওয়াত খাওয়ার হিড়িক পড়ে যায় বলে জানান দুজনেই। নাঈম বলেন, ‘মাস খানেক আগে হঠাৎ করে আমার বউ বলল, তুমি তো দেখতে অনেক সুইট। কিন্তু যেভাবে ওজন বাড়াচ্ছ তাতে তো খবর আছে। বউয়ের কথা শুনে, আমিও ভাবলাম, আমরা যেহেতু অভিনয় করি, দর্শকেরা আমাদের একটু অন্যভাবে দেখতে চান। এরপর শুরু হলো মিশন। ফলাফল, ওজন কমাতে পেরেছি ১১ কেজি। আমি এখন যথেষ্ট ফুরফুরে। কাজ করতেও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছি।’

নাঈম জানান, বিয়ের কয়েক মাসের মাথায় ওজন বেড়ে ৯০ কেজিতে গিয়ে ঠেকে। এখন তা ৭৯। ভাবছি আরও তিন-চার কেজি কমাব। এটাই ধরে রাখব। আমার উচ্চতা অনুযায়ী ৭৫ কেজি পর্যন্ত ওজন ঠিকঠাক বলা যায়। ইদানীং খাওয়াদাওয়ায়ও ব্যাপক পরিবর্তন আনছি। আমার এখনকার অবস্থা দেখে বউও বেশ খুশি। এটা আমার আরেকটা ভালো লাগা।’
এবারের ঈদে নাঈম অভিনীত বেশ কয়েকটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে। এসব নাটকে তাঁকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলেও জানান নাঈম।