স্বস্তির গল্প নিয়ে আসছেন অমিতাভ ও সুমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ রেজা ও মেজবাউর রহমান সুমন
অমিতাভ রেজা ও মেজবাউর রহমান সুমন

টেলিভিশন দর্শকের জন্য এবার ঈদে স্বস্তির গল্প নিয়ে আসছেন অমিতাভ রেজা ও মেজবাউর রহমান সুমন। সাতজন নতুন নির্মাতা নিয়ে এই প্রকল্প সম্পর্কে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত ঘোষণা আসবে খুব শিগগির। গতকাল মঙ্গলবার এফডিসির সাত নম্বর ফ্লোরে বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের ফাঁকে প্রথম আলোকে এ তথ্য দেন অমিতাভ রেজা।

অমিতাভ রেজার তত্ত্বাবধানে রোজার ঈদে প্রচারিত ‘আয়নাবাজি অরিজিনাল টিভি সিরিজ’-এর নাটকগুলো দর্শকপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় এবার আসছে স্বস্তির গল্প।

এ ব্যাপারে অমিতাভ রেজা বলেন, ‘টেলিভিশনে সুন্দর গল্প হাজির করা দরকার। সে উদ্দেশ্য চিন্তা করে আমরা এবার এমন গল্প বাছাই করছি, যার মধ্যে আছে মানবিকতা। আমরা এবার মানবিক গল্প বলার চেষ্টা করব। সামাজিক বাস্তবতার গল্প। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা যেসব গল্প আমরা বলতে চাই, তা এবার বলব। ঈদে সাধারণত হাসির নাটকের যে ধারা থাকে, সে ধরনের গল্প থেকে সরে এসেছি।’

স্বস্তির গল্প ভাবনা নিয়ে যেসব নাটক নির্মিত হবে, সেসবের নির্মাতারা সবাই একেবারে তরুণ। তাঁদের মধ্যে একজনের শুধু নাটক বানানোর অভিজ্ঞতা আছে। বাকি সবাই ইউটিউবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও টেলিভিশনের বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন। নতুনদের নিয়ে কাজ করা প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘এখন আমাদের খুব বেশি বাজেট নিয়ে কাজ করা সম্ভব না। ন্যূনতম বাজেটেও কাজ করতে গেলে সেলিব্রেটি নির্মাতা দিয়ে কাজ করাটা কঠিন। তাই পরিকল্পনা করেছি, আমি ও মেজবাউর রহমান সুমন মিলে নতুন সাতজন নির্মাতা উপহার দেব।’

স্বস্তির গল্প বলছেন কেন?—এমন প্রশ্নের জবাবে এই নির্মাতা বলেন, ‘আমাদের দেশে এখন টলারেন্সের খুব অভাব। আমাদের মধ্যে খুব অস্বস্তি। সবাই দৌড়ের মধ্যে আছি। তাই আমরা চিন্তা করেছি, এই অস্বস্তির সময়ে যদি দর্শককে স্বস্তি দিতে পারি, তাহলে ভালো হবে।’