স্বাগতা-সভ্যতার হাতে বাবার স্মৃতি

অভিনেত্রী স্বাগতা ও সংগীতশিল্পী সভ্যতার বাবা খোদা বক্স সানু ছিলেন গুণী এক সংগীতজ্ঞ। ২০১৪ সালের ১৭ অক্টোবর মারা যান তিনি। বাবার স্মৃতিকে সব সময় সঙ্গে রাখতে তাঁর দুই মেয়ে নিজেদের হাতে এঁকেছেন বাবার নাম। সভ্যতা বেশ আগেই বাবার স্বাক্ষরকে ট্যাটু হিসেবে হাতে এঁকেছিলেন। সম্প্রতি স্বাগতাও তেমন একটি ট্যাটু করালেন হাতে।
ফেসবুকে দুই বোনের হাতে এক নকশার ট্যাটুর ছবিটি সম্প্রতি পোস্ট করে স্বাগতা। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছুদিন আগেই নেপাল থেকে এই ট্যাটু করিয়েছেন তিনি। এখনো এটি পুরোপুরিভাবে তাঁর হাতে বসেনি। তবে সভ্যতা বেশ আগেই ভারত থেকে তাঁর ট্যাটু হাতে আঁকিয়ে আনেন।
স্বাগতা বলেন, স্থায়ী এ ট্যাটুটি বাবার স্মৃতিচিহ্ন হিসেবেই তাঁদের সঙ্গে থাকবে। অভিনয়ের জন্য এই স্থায়ী ট্যাটু কোনো বাধা হিসেবে কাজ করবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হাতে ট্যাটু থাকলে অনেক সময় তা চরিত্রের সঙ্গে যাবে না। তখন মেকআপের সাহায্য নেওয়া হবে।’ তাঁর মোবাইলে থাকা একটি ছবি দেখিয়ে তিনি বলেন, এরই মধ্যে এই কায়দায় অভিনয়ও করছেন তিনি। এতে কোনো সমস্যাই হচ্ছে না। বরং এখন সবাই বাবার প্রসঙ্গে কথা বলতে এলে নাকি স্বাগতার ভালোই লাগছে। তিনি বলেন, ‘বাপির কথা বলতে সব সময়ই ভালো লাগে।’
খোদা বক্স সানু ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির শিক্ষক। ১৯৫৩ সালের ১৯ জানুয়ারি ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮২ সালে তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশের সংগীতাঙ্গনে এ সংগীতগুরুর অসংখ্য ছাত্র-ছাত্রী রয়েছে।