স্বাগতার একসঙ্গে দুই ঈদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাগতা
স্বাগতা

ঈদের এক দিন আগে বিয়ে হলো স্বাগতার। তাই পছন্দের মানুষ রাশেদ জামানের ঘরেই অর্থাৎ শ্বশুরবাড়িতে ঈদ উদ্যাপন করলেন তিনি। একদিকে বিয়ের আনন্দ, অন্যদিকে ঈদ উৎসব। সব মিলিয়ে এক দিনের ব্যবধানে স্বাগতা পালন করলেন দুই ঈদ! আনন্দটাও তাই ছিল দ্বিগুণ। কথার শুরুতেই হাসতে হাসতে বলে দিলেন, ‘এবার আমার ডাবল ঈদ।’
শ্বশুরবাড়িতে প্রথম ঈদ করে কেমন লাগল—জানতে চাইলে স্বাগতা বললেন, ‘একেবারেই অন্য রকম আনন্দ। আমাদের বাড়িতে থাকলে বাবাকে খুব মিস করতাম। কারণ আমাদের আগের ঈদগুলো হতো বাবাকে ঘিরে (গত বছর মারা যান স্বাগতার বাবা খোদা বক্স শানু)। বিয়ের জন্য সেই কষ্টটা ভুলে গেছি। এখানে বাবা-মা পেয়েছি। তবে বিয়ের আগের ব্যাচেলর জীবনটাও একটু মিস করেছি!’
বেশ কিছুদিন আগে আংটি বদল হয় স্বাগতার। আর ঈদের এক দিন আগে বিয়ে। ঈদ আর বিয়ে একই সময়ে কেন? এ প্রশ্নে স্বাগতার জবাব হলো, ‘আসলে ঈদের পর দুজনই কাজে ব্যস্ত হয়ে পড়ব। এরপর কাজ সারতে অনেক সময় লেগে যাবে। হিসাব করে দেখলাম, ঈদের আগে দুজনেই বেশ ফ্রি আছি। তাই আর দেরি করলাম না!’
স্বাগতা বর্তমানে নিয়মিত বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন। এ ছাড়া ঈদেও বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে কাজ করেছেন তিনি। এর মধ্যে দুটি তো আজই প্রচারিত হবে। একটি বাংলাভিশনে বেলা ২টা ১০ মিনিটে টেলিছবি রেইনবো ও অন্যটি দেশ টিভিতে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক বডিগার্ড।
স্বাগতার স্বামী রাশেদ জামান ক্যামেরার পেছনের মানুষ। সম্প্রতি তিনি শেষ করেছেন আয়নাবাজি ছবির শুটিং।