স্মৃতি হারিয়ে বেঁচেছেন জেনারেল জেভদেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনারেল জেভদেত চরিত্রে হালিত আরিয়ান্স

স্মৃতিশক্তি হারিয়ে ফেলায় এ যাত্রায় বেঁচে গেছেন জেনারেল জেভদেত। আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছিলেন তিনি। মারা গেছেন সব সৈনিক ও অফিসার। চিকিৎসার জন্য জেনারেলকে লন্ডন পাঠায় গ্রিক সরকার। প্রাণে বাঁচলেও আপাতত তিনি সন্দেহমুক্ত।

এ কাহিনি টেলিভিশন ধারাবাহিক ‘জননী জন্মভূমি’র। আজ শনিবার থেকে শুরু হচ্ছে এর দ্বিতীয় মৌসুম। সেখানে নতুন সংকটে পড়তে দেখা যাবে জেনারেল জেভদেতকে। সুস্থ হয়ে ইজমিরে ফিরে এসে তিনি জানতে পারবেন সন্তানসমেত নৌকাডুবিতে মারা গেছে আজিজে। ভাসিলির মৃত্যুর পর ইজমিরের দায়িত্ব দেওয়া হয়েছে গ্রিক বাহিনীর কমান্ডার জেনারেল ফিলিপোসকে। একদিকে আজিজেকে হারানোর শোক, অন্যদিকে দেশরক্ষার কঠিন দায়িত্ব এখন জেভদেতের মাথার ওপর।

বাস্তব পরিস্থিতি কিঞ্চিৎ ভিন্ন। গ্রিক সৈনিকদের নির্যাতনের শিকার মুমূর্ষু আজিজের ঠাঁই হয়েছে এজিয়ান পর্বতমালার নামকরা যোদ্ধা দাইস্তানলির আস্তানায়। আজিজে কি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? গ্রিকদের আধুনিক যুদ্ধাস্ত্র আর জেনারেল ফিলিপোসের রণকৌশলের কাছে তুর্কিরা কত দিন টিকতে পারবে? সেসব জানা যাবে আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। নতুন বছরের প্রথম দিন থেকেই দীপ্ত টিভিতে শুরু হচ্ছে ‘জননী জন্মভূমি সিজন টু’।

ফিনার দেনিস থাকবেন ‘জননী জন্মভূমি’র দ্বিতীয় মৌসুমেও

‘জননী জন্মভূমি’ ধারাবাহিকে কণ্ঠাভিনয় করেছেন জেভদেত চরিত্রে দীপক সুমন, আজিজে চরিত্রে রুবাইয়া মতিন, ফিলিপোস চরিত্রে আহসান চৌধুরী। এ ছাড়া তেভফিক চরিত্রে সাঈদ সুমন, হিলাল চরিত্রে নাহিদ আখতার, লিয়ন চরিত্রে মশিউর রহমান, ইলদিজ চরিত্রে তানিয়া পাটোয়ারি, হাসিবে চরিত্রে জয়িতা মহলানবিশ, সেহের চরিত্রে জয়শ্রী মজুমদার, হ্যামিল্টন চরিত্রে মরু ভাস্কর, ইয়াকুপ চরিত্রে সজীব রায়, এফসুন চরিত্রে নাদিয়া ইকবাল, এমিনে চরিত্রে মেরিনা মিতু, দাইস্তানলি চরিত্রে সাজ্জাদ রাজীব। ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনা করেছেন চ্যানেলটির নিজস্ব লেখক-সম্পাদকেরা।