২০১৫ সালে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল কথাসাহিত্যিক হরিশংকর জলদাসের উপন্যাস এখন তুমি কেমন আছ। সম্প্রতি এই উপন্যাস অবলম্বনে নির্মিত হলো একটি টিভি নাটক। নব্বইয়ের দশকের প্রেম ও আধুনিক সময়ের প্রেম নিয়ে গল্প এই নাটকের। পরিচালনা করেছেন হাসান রেজাউল।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, উত্তরার দুটি শুটিংবাড়ি, দক্ষিণখানের বেশ কয়েকটি শুটিং লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে। পরিচালক রেজাউল বলেন, ‘আমি বরাবরই হরিশংকর জলদাসের লেখার ভক্ত। এ কারণেই তাঁর এই উপন্যাস বেছে নিয়েছি। এই নাটকে দুটি সময়কে উপস্থাপন করা হয়েছে।’ নিজের উপন্যাস অবলম্বনে নাটক প্রসঙ্গে হরিশংকর জলদাস বলেন, ‘নাটকটির নির্মাতা আমার ছাত্র ছিল। আমার সঙ্গে কথা বলেই নাটকটি বানাচ্ছে। আশা করছি, ভালোই হবে।’
এখন তুমি কেমন আছ নাটকটিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, বিজরী বরকতউল্লাহ, এফ এস নাঈম, জাকিয়া বারী মম, মাজনুন মিজান, মোহাম্মদ বারী, নীলা ইস্রাফিল প্রমুখ। ঈদের অনুষ্ঠানমালায় নাটকটি দেখা যাবে একটি বেসরকারি টিভি চ্যানেলে। এর আগে হরিশংকর জলদাসের জলপুত্র উপন্যাস থেকে একটি মঞ্চনাটকের নির্দেশনা দিয়েছিলেন হাসান রেজাউল।