হাওয়া বদল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুনমুন
মুনমুন

সাধারণত তাঁকে উপস্থাপনার বাইরে খুব একটা দেখা যায় না। উপস্থাপনাতেই বেশি সাবলীল মুনমুন। তবে মাঝেমধ্যে হাওয়া বদলের মতোই টুকটাক অভিনয়ে নিজেকে যাচাই করেন। যেমনটা এবার তিনি করলেন মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত নতুন নাটক ভুবন ভরা আলোয়। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও অনেক দিন পর দেখা যাবে এই লাক্স সুন্দরীকে।
ভুবন ভরা আলো নাটকটি তৈরি হচ্ছে ইউনিসেফের পৃষ্ঠপোষকতায়। জনসচেতনতামূলক এ নাটক শিগগির প্রচারিত হবে বিটিভিতে। মুনমুনের সঙ্গে এতে আরও দেখা যাবে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, আ খ ম হাসানসহ আরও অনেককে। বর্তমানে পুবাইলে এ নাটকের শুটিং করছেন তিনি।
অন্যদিকে, বিজ্ঞাপনের ব্যাপারে মুনমুন জানান, প্রায় বছর তিনেক পর তিনি বিজ্ঞাপনে কাজ করলেন। এটি ছিল রান্নাঘরের সরঞ্জামাদির ব্র্যান্ডের বিজ্ঞাপন। এটি পরিচালনা করেছেন মাসুদ জাকারিয়া। এর প্রচার শুরু হবে আজ থেকে।
তবে এই নাটক আর বিজ্ঞাপনের পর মুনমুন আবার ফিরে যাবেন তাঁর আগের রূপে, অর্থাৎ উপস্থাপনায়। ৮ জানুয়ারি রিয়েলিটি শো ‘সেরা আমি সঙ্গে মা’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। তাই এ নিয়েও এখন ভাবতে হচ্ছে এর উপস্থাপক মুনমুনকে। পাশাপাশি আগামী ফেব্রুয়ারি-মার্চ থেকে মুনমুন কাজ শুরু করবেন ‘স্পেলিং বি’-এর চতুর্থ সিজনের।