হানিফ সংকেতের ধন্যবাদের অন্যবাদ

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত প্রতি ঈদে একটি নাটক নির্মাণ করেন। এবারের ঈদুল ফিতরেও তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘ধন্যবাদের অন্যবাদ।’ বরাবরের মতো তাঁর নাটকে থাকে সমাজ সচেতনতামূলক সাংকেতিক বার্তা। এই নাটকটিতেও তার ব্যত্যয় ঘটেনি।
রাজধানীতে কাজের সন্ধানে আসা জামাল কোথাও কাজের সুযোগ পায় না। তাঁর স্বপ্ন— সে নায়ক হবে। সেই স্বপ্ন পূরণ করতে গিয়েই ঘটে নানান ঘটনা। সেসব নিয়েই এ নাটক। এতে জামাল চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, জামালের প্রেমিকা পারুলের চরিত্রে জাকিয়া বারী মম। এ ছাড়াও অন্যান্য চরিত্রে আছেন সাঈদ বাবু, সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, সুভাশিষ ভৌমিক, শিরিন আলম, শামীমা নাজনীন, তারিখ স্বপন, জামিল, সিমা, নজরুল ইসলাম প্রমুখ। একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়।
সাভারের ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন করেছেন মেহেদী। ঈদের দিন রাত আটটা ৫০ মিনিটে এটিএন বাংলায় দেখানো হবে ‘ধন্যবাদের অন্যবাদ’ নাটকটি।