হাসান আজিজুল হকের গল্প থেকে নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প থেকে নাটক নির্মাণ করলেন বদরুল আনাম সৌদ। গল্পের নাম মন তার শঙ্খিনী। নাটকের নামও তাই। গল্প থেকে চিত্রনাট্য করেছেন সৌদ নিজেই। এতে অভিনয় করেছেন মৌ, জিতু আহসান, রিচি সোলায়মান ও শাহাদাত।
নাটকটি নিয়ে নির্মাতা সৌদ বললেন, ‘আমাকে যখন বলা হলো হাসান আজিজুল হক স্যারের কোনো গল্প নিয়ে নাটক নির্মাণ করতে, তখনই মাথায় আসে এই গল্পটা। স্যারের গল্পে মানসিক টানাপোড়েন একটু বেশি। সেই জায়গা থেকে এটি দুর্দান্ত। তবে গল্পে শহরের অংশটা আমার নিজের লেখা। স্যারের অনুমতি নিয়েই অবশ্য এটা করেছি।’
গল্পে দেখা যাবে দুই জোড়া দম্পতির মানসিক টানাপোড়েন। তাঁদের মধ্যে এক দম্পতি শহরের, আরেক দম্পতি গ্রামের। মনের জায়গায় শহর আর গ্রামের বিশেষ কোনো পার্থক্য নেই—এটাই দেখানো হবে নাটকে।
সৌদ জানালেন, ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।