হুট করে ভক্তদের বাড়ি যাবেন নিশো

বেশ কিছুদিন ধরে ব্যাপারটি ভাবছেন আফরান নিশো। গতকাল মধ্যরাতে এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। তারপর থেকে ভক্তরাও সমানে মন্তব্য আর আমন্ত্রণ জানিয়ে যাচ্ছেন তাঁকে। গতকাল মধ্যরাতে এ অভিনেতা স্ট্যাটাসে লিখেছেন, ‘ভাবছি... প্রতি মাসে একদিন আমার কোনো একজন ফ্যানের ফ্যামিলির সঙ্গে সময় কাটাব। খাব দাব আলাপ মজা ফুর্তি...। ওই ফ্যামিলিটাকে সময় দেব। নিজেকে চেনা আর নতুন কিছু মানুষকে চেনা...। ভাবছি...।’
স্ট্যাটাস দেওয়ার পরপরই আজ দুপুর পর্যন্ত প্রায় ৪০০ ভক্ত মন্তব্য করেছেন সেখানে। আমন্ত্রণ জানিয়েছেন নিজেদের বাড়িতে।
কথা প্রসঙ্গে আফরান নিশো বললেন, ‘অনেক দিন ধরে ব্যাপারটি নিয়ে ভাবছি। এত মানুষ পছন্দ করেন। রাস্তাঘাটে ছবি তোলেন। অনেকে আবেগী কথা বলেন। তাঁদের মাঝ থেকে আমিই বেছে নিয়ে তাঁদের বাড়ি যাব। তার মাকে মা ডাকব, বাবাকে বাবা ডাকব। সারা দিন রান্নাবান্না করব। একসঙ্গে খাব। মজা তো হবেই।’
পরে তিনি হাসতে হাসতে বলেন, ‘এতে পারস্পরিক আত্মীয়তাও বেড়ে গেল। দেখি খুব তাড়াতাড়ি এটি শুরু করব।’
ঈদের পরে কাজ শুরু প্রসঙ্গে বললেন, ঈদের পরে একটু অসুস্থ ছিলেন। এ কারণে আজ পর্যন্ত বিশ্রামে আছেন। আগামীকাল থেকে আবার নিয়মিত কাজে ফিরবেন এ অভিনেতা।