হুট করে শেষ হচ্ছে 'খড়কুটো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খড়কুটো নাটকের দৃশ্য
খড়কুটো নাটকের দৃশ্য

শেষ হচ্ছে সালাহউদ্দিন লাভলু নির্মিত ধারাবাহিক নাটক খড়কুটো। বাংলাভিশনে নিয়মিত প্রচারিত হচ্ছে এটি। এরই মধ্যে প্রচারিত হয়েছে ৬২ পর্ব। পরিচালক বললেন, প্রায় ৮০ পর্বে গিয়ে শেষ হবে এ নাটকের প্রচার। গত সপ্তাহে শেষ হয়েছে এই ধারাবাহিকের শেষ ধাপের শুটিং।
হুট করে শেষ হয়ে যাওয়ার খবর জেনে খারাপ লাগছে কলাকুশলীদের। খড়কুটোর শেষ ধাপের শুটিংয়ের পরে অভিনেত্রী শামীমা তুষ্টি ফেসবুকে লিখেছেন, ‘লাস্ট ডে অ্যাট খড়কুটো, মিস ইউ অল।’ সঙ্গে দিয়েছেন এক অভিনেত্রীর সঙ্গে তাঁর সেলফি। এই ছবির সূত্র ধরেই কথা হয় নির্মাতা সালাহউদ্দিন লাভলুর সঙ্গে।
সালাহউদ্দিন বলেন, ‘যত দূর জানি, নাটকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। আমি সাধারণত ১০৪ পর্বের আগে কোনো ধারাবাহিক শেষ করি না। কিন্তু এটা হুট করেই শেষ করে দিতে হলো। এর সঠিক কারণ আমি এই মুহূর্তে বলতে পারব না। ধারাবাহিকটির প্রযোজক দ্রুত শেষ করার অনুরোধ করেছেন। জানি না চ্যানেল ও প্রযোজকের মধ্যে কী আলাপ হয়েছে।’
তবে এটি শেষ হয়ে গেলেও সালাহউদ্দিন লাভলুর নতুন ধারাবাহিক দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার শিগগির আসছে। পরিচালক বললেন, এর প্রচার এ মাসেই শুরু হচ্ছে। এ ছাড়া চলছে নতুন ধারাবাহিকের পাণ্ডুলিপি লেখার কাজ। সালাহউদ্দিন লাভলু বলেন, তাঁর জন্য নতুন তিনটি ধারাবাহিকের স্ক্রিপ্ট লিখছেন মাসুম রেজা, বৃন্দাবন দাস ও কাজী শাহিদুল ইসলাম। যেটি আগে হাতে পাবেন, সেটা নিয়েই শুরু করবেন নতুন ধারাবাহিকের কাজ।