‘হুমায়ূন আহমেদ স্যার বলতেন, কখনো মাছি হইয়ো না’
চেয়েছিলেন অভিনেতা হবেন। এ জন্য কাজ করতে এসেছিলেন হুমায়ূন আহমেদের পরিচালনায়। পরে মনে হয়, পছন্দের মানুষের পাশে সব সময় কীভাবে থাকা যায়! সেই চিন্তা থেকে বেছে নেন সহকারী পরিচালনার কাজ। দীর্ঘ ১৪ বছর টানা হুমায়ূন আহমেদের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন জুয়েল রানা। এ সময় হুমায়ূন আহমেদের অনেক উপদেশ এখনো শুটিংয়ে মেনে চলেন তিনি।
সম্প্রতি জুয়েল শুটিং করেছেন ‘আদম সুরত’ নামের একটি টেলিছবির। এর গল্পটি স্বাধীনতা যুদ্ধের সময়কে কেন্দ্র করে। গল্পে কোনো যুদ্ধ না দেখিয়ে মানবিক সংকটকে তুলে ধরেছেন তিনি। এই নির্মাতা বলেন, ‘স্যার মারা যাওয়ার পর মনটা ভেঙে যায়। অনেক কম কাজ করি। স্যারের হঠাৎ চলে যাওয়ায় কেন যেন মানসিক শান্তি পাই না। ভিউয়ের পেছনে দৌড়াতে ইচ্ছে করে না। ভালো গল্প–সংলাপ পাই না। আগে স্যার সব দেখভাল করে দিতেন। এখনো কাজ করার সময় ভাবি, স্যার বেঁচে থাকলে কি গল্পটি নির্মাণের অনুমতি দিতেন? আমার প্রতিটা কাজেই এখনো স্যার থাকেন। এবারও যে গল্প, চরিত্রায়ণ, যেখানে শুটিং করেছি—এগুলো সবাই স্যার ও শাওন ম্যাডামের (মেহের আফরোজ শাওন) কাছ থেকে শেখা। আমাদের শুটিংয়ের জন্য পাকিস্তান আমলের পুরোনো বাড়ি খুঁজতে হয়েছে। চাইলে ছাড় দিয়ে করতে পারতাম,কিন্তু করিনি। দীর্ঘ ১৪ বছরে স্যারকে কোনো দিন দেখিনি ছাড় দিয়ে শুটিং করতে।’
হুমায়ূন আহমেদের ১৭টি চিত্রনাট্য পরিচালনা করেছেন জুয়েল রানা। করোনার আগে হুমায়ূন আহমেদের ‘গোবর বাবু’ গল্প নিয়ে কাজ করেছেন। জুয়েল বলেন, ‘আমার ক্যারিয়ার জীবনের পুরো শিক্ষাই হুমায়ূন আহমেদের কাছ থেকে শেখা। আমি স্যারের খুব কাছ থেকে সবকিছু শেখার সুযোগ পেয়েছি। স্যারের কথায় পরিচালনার জন্য অভিনয় শিখেছি। চিত্রনাট্য, সংলাপ—সবকিছু যেভাবে স্যার করতেন, আমিও সেভাবেই চেষ্টা করি। আমি পরিচালনা শুরুর সময় স্যার বললেন, “কখনো মাছি হয়ো না।” এই কথার অর্থ ছিল, সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে না। খারাপ কিছু করা যাবে না। শুধু ভালো কাজের সঙ্গেই থাকতে হবে। যে কারণে খুবই কম শুটিং করি।’
অভিনেতা ফারুক আহমদে বলেন, ‘হুমায়ূন আহমদ স্যারের টিমের সঙ্গে কাজ করতে এখনো ভালো লাগে। শুটিংয়ের ফাঁকে পুরো সময়টাই স্যারকে নিয়ে কথা হয়। আমি স্বাধীন খসরু, জুয়েল রানাসহ টিমের আরও অনেকের সঙ্গে ওতপ্রোতভাবে স্যারের অবদান জড়িয়ে রয়েছে। কাজটি করে খুবই ভালো লেগেছে।’ নাটকটির চিত্রনাট্য করেছেন, সৈয়দ মহিদুর রহমান। ‘আদম সুরত’ নাটকে আরও অভিনয় করেছেন শিপন মিত্র, আশনা হাবীব ভাবনা, স্বাধীন খসরু প্রমুখ। নাটকটি আজ বেলা ৩:৫০ মিনিটে প্রচারিত হবে। পরে ইউটিউবে দেখা যাবে।