হুমায়ূন আহমেদের জন্মদিনের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ‌ুমায়ূন আহমেদ l ছবি: প্রথম আলো
হ‌ুমায়ূন আহমেদ l ছবি: প্রথম আলো

আজ জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। এদিনটি ঘিরে বিভিন্ন টিভি চ্যানেল, সংগঠন ও তাঁর ভক্তরা নানা ধরনের আয়োজন করেছেন। বিশেষ করে টিভি চ্যানেলে রয়েছে গান, নাটক ও আলোচনার অনুষ্ঠান।
চ্যানেল আই: তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে বেলা আড়াইটায় আয়োজন করা হয়েছে হিমু মেলার। পঞ্চমবারের মতো আয়োজিত এই মেলার নামকরণ করা হয়েছে ‘ডিউ-চ্যানেল আই হিমু মেলা ২০১৬’। মেলার উদ্বোধনী পর্বে অংশ নেবেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, তাঁদের দুই ছেলে এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। মেলার উন্মুক্ত মঞ্চ থেকে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা এবং পছন্দের চলচ্চিত্র ও নাটকের গান। আরও থাকবে নাচ, কবিতা ও আবৃত্তি। এটি সরাসরি প্রচার করবে চ্যানেল আই। এ ছাড়া সন্ধ্যা ৬টায় হুমায়ূন আহমেদের কিছু কালজয়ী চরিত্র নিয়ে বিশেষ বিতর্ক অনুষ্ঠান ‘আমার মাঝেই বেঁচে থাকবেন হুমায়ূন আহমেদ’ প্রচারিত হবে।
এটিএন বাংলা: সকাল ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘চাঁদনি পসর’। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের গান শোনাবেন সুবীর নন্দী, সেলিম চৌধুরী ও বারী সিদ্দিকী। বিকেল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক চরণ রেখা।
বৈশাখী টেলিভিশন: বেলা সাড়ে তিনটায় হুমায়ূন আহমেদের বিভিন্ন চলচ্চিত্রের গান নিয়ে প্রচারিত হবে বিশেষ ‘সিনেমার গান’ অনুষ্ঠান।
এনটিভি: রাত সাড়ে ১১টায় পুনঃপ্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘হুমায়ূন আহমেদের গানে যুগলবন্দী’। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন মেহের আফরোজ শাওন ও এস আই টুটুল।