হৃদয় খানের নায়িকা পূর্ণিমা!

একজন সংগীতশিল্পী, অন্যজন চলচ্চিত্রের নায়িকা। দুই ভুবনের দুই বাসিন্দা এবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন। হৃদয় খান ও পূর্ণিমা ফিরে যাওয়া হলো না নামে একটি টেলিছবিতে অভিনয় করছেন। খবরটি দিয়েছেন টেলিছবিটির পরিচালক এস এ হক অলিক। টেলিছবিতে পূর্ণিমার চরিত্রের নাম রোদেলা আর হৃদয় খানের নাম ফাহিম।
টেলিছবিটিতে অভিনয়ের বিষয়ে পূর্ণিমা বলেন, ‘আমি ও হৃদয় খান কেউ-ই নিয়মিত নাটক বা টেলিছবির শিল্পী নই। দুজন এবার একসঙ্গে টেলিছবিতে অভিনয় করছি। কাজটি গতানুগতিক হবে না।’
রূপকথা নামে একটি নাটকে অভিনয় করার মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছে হৃদয় খানের। অভিনয় বিষয়টি তাঁর কাছে রোমাঞ্চকর মনে হয়। তিনি বলেন, ‘আমি তো নিয়মিতই মিউজিক ভিডিও করি। সেখানে গানের সঙ্গে শুধু অভিব্যক্তি প্রকাশ পায়। কিন্তু নাটকে অভিনয়ের সময় সহশিল্পীর সঙ্গে অভিব্যক্তি তো আছেই, সংলাপও বলতে হয়। বিষয়টি উপভোগ করছি।’
পরিচালক বলেন, ‘ঈদের সময় একটু অন্য রকমের কাজ দর্শককে উপহার দেওয়ার জন্যই এই দুজনকে নিয়ে কাজ করছি। তাই তাঁদের দিকে দর্শকের একটু বাড়তি আগ্রহ থাকবে।’