হ্যান্ডসাম দি আল্টিমেট - আজাদ

চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘হ্যান্ডসাম দি আল্টিমেট ম্যান সিজন টু’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে সেরা হলেন বগুড়ার চকদুর্গা এলাকার আবুল কালাম আজাদ। সাড়ে তিন লাখ প্রতিযোগীকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নিয়েছেন তিনি। গত বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘হ্যান্ডসাম দি আল্টিমেট ম্যান’ দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন আজাদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকা এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত সিনেমায় অভিনয় ও ইমামীর শুভেচ্ছাদূত হওয়ার সুযোগ।
‘হ্যান্ডসাম দি আল্টিমেট ম্যান সিজন টু’র শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করতে পেরে উচ্ছ্বসিত আজাদ। তিনি বলেন, ‘এ অর্জনের মাধ্যমে আমার দ্বিতীয় জন্ম হয়েছে।’
হোটেল ম্যানেজমেন্টের ছাত্র আজাদ ভবিষ্যতে শোবিজ জগতে নিজের শক্ত একটা অবস্থান তৈরির স্বপ্ন দেখেন।
২২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমামী লিমিটেড সার্ক ক্লাস্টার প্রেসিডেন্ট মহসীন আহমেদ, বাংলাদেশ নেভির রিয়াল অ্যাডমিরাল (পারসোনেল) কাজী সারওয়ার হোসেন এবং প্রতিযোগিতার প্রধান দুই বিচারক চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা কুসুম সিকদার।