হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান আজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যান্ডসাম দ্য আলটিমেট সিজন টু-এর চ্যাম্পিয়ন আজাদ
হ্যান্ডসাম দ্য আলটিমেট সিজন টু-এর চ্যাম্পিয়ন আজাদ

চ্যানেল আইয়ের রিয়েলিটি শো হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতার দ্বিতীয় আসরে সেরার মুকুটটি জিতে নিয়েছেন বগুড়া জেলা সদরের চকদুর্গা এলাকার আবুল কালাম আজাদ। সাড়ে তিন লাখ প্রতিযোগীকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুটটি জিতে নিয়েছেন তিনি। গতকাল বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন আজাদের নাম ঘোষণা করা হয়। 

হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতার পুরস্কার হিসেবে আজাদ পেয়েছেন নগদ পাঁচ লাখ টাকা এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত সিনেমায় অভিনয় ও ইমামির শুভেচ্ছাদূত হওয়ার সুযোগ।

হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান সিজন টুর শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করতে পেরে দারুণভাবে উচ্ছ্বসিত আজাদ। এ বিষয়টি তাঁর ক্যারিয়ারের অন্যতম একটি সেরা অর্জন হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘এ অর্জনের মাধ্যমে আমার দ্বিতীয় জন্ম হয়েছে। এর পুরো কৃতিত্ব চ্যানেল আইয়ের। নাম ঘোষণার সেই সময়ের মতো আনন্দ আমার জীবনে আর আসবে কি না, তা আমার জানা নেই। তবে আমি কী পরিমাণ যে খুশি হয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’

হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতার দ্বিতীয় আসরের নাচের দৃশ্যে মিম ও সাজ্জাদ
হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতার দ্বিতীয় আসরের নাচের দৃশ্যে মিম ও সাজ্জাদ

হোটেল ম্যানেজমেন্টের ছাত্র আজাদ ভবিষ্যতে শোবিজ জগতে নিজের শক্ত একটা অবস্থান তৈরির স্বপ্ন দেখেন। গতকাল রাতে হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান নামটি ঘোষণার পর থেকেই আনন্দের সাগরে ভাসছেন তিনি। বাবা-মা-স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা ছাড়াও বন্ধুবান্ধব থেকে সবাই নানাভাবে শুভেচ্ছা জানাচ্ছেন। এ এক নতুন জীবন অভি​হিত করে আজাদ বলেন, ‘জীবনে এত বড় একটা অর্জন আমার জন্য অপেক্ষা করছে, তা কোনোভাবে ভাবিনি। সবার ভালোবাসা ও দোয়ায় আমি আজ যে অবস্থানে এসেছি তার জবাব ভালো কাজের মধ্য দিয়ে দিতে চাই। ভবিষ্যতে ভালো ভালো কাজ করে নিজের অবস্থাকে আরও দৃঢ় করতে চাই।’
২২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমা​মি লিমিটেড সার্ক ক্লাস্টার প্রেসিডেন্ট মহসীন আহমেদ, বাংলাদেশ নেভির রিয়াল অ্যাডমিরাল (পারসোনেল) কাজী সারওয়ার হোসেন এবং প্রতিযোগিতার প্রধান দুই বিচারক চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা কুসুম সিকদার।
সেরা পাঁচ প্রতিযোগীকে নিয়ে বুধবার সন্ধ্যায় শুরু হয় হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। দৃষ্টিনন্দন সেটে জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সাজানো হয়েছিল নানা রঙে। গালা রাউন্ডের মূল আকর্ষণ ছিল পাঁচ প্রতিযোগীর সঙ্গে সামিয়া, প্রথমা, শখ, ইভানা ও স্পর্শিয়ার নাচ। এ ছাড়া ছিল আইয়ুব বাচ্চুর গান এবং মিম ও সাজ্জাদ, সাবি ও আসিফ ছাড়াও চ্যানেল আই সেরা নাচিয়েদের পৃথক মনোমুগ্ধকর পারফরম্যান্স।