হয়ে গেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন দুয়েক আগে ফেসবুকে কনে সাজের দুটো ছবি আপলোড করে ক্যাপশন লিখলেন ‘হয়ে গেল’। বন্ধুরাও হুমড়ি খেয়ে পড়লেন। নানা ধরনের মন্তব্য করলেন। কিন্তু মন্তব্যগুলো উপভোগ করা শেষে খোলাসা করলেন সেই ছবির মানুষ অভিনেত্রী মিশু চৌধুরী। অভিনেত্রী বলে কথা। কখনো কনে, কখনো স্কুলের শিক্ষিকা কখনো গৃহিণী, কত সাজেই তো সাজতে হয় নিয়মিত। এটাও সেই নিয়মিত কাজেরই অংশ।
কথা প্রসঙ্গে জানালেন, এটা একটা নাটকের দৃশ্য। নাম ‘আদর’। লিখেছেন কবীর চৌধুরী। বিটিভির জন্য নির্মাণ করা হয়েছে সাপ্তাহিক নাটক হিসেবে। নাটকটি প্রযোজনা করেছেন কামাল উদ্দিন আহমেদ।
‘আদর’-এর গল্প প্রসঙ্গে মিশু বললেন, ‘একজন প্রতিবন্ধী ছেলের সঙ্গে আমার বিয়ে হয়। সেই বিয়ের আসরেই তোলা হয়েছে ছবিগুলি।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, মোমেনা চৌধুরী প্রমুখ।
এ সপ্তাহেই বিটিভির নিজস্ব স্টুডিওতে দৃশ্যধারণ হলো নাটকটির। আগামী ১৩ ফেব্রুয়ারি প্রচার হবে নাটকটি।