হুমায়ূন আহমেদের মায়াবতীরা টিভিতে

দীর্ঘদিন হুমায়ূন আহমেদের খুব কাছাকাছি ছিলেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী এবং অন্যদিনম্যাগাজিনের সম্পাদক মাজহারুল ইসলাম। হুমায়ূন আহমেদের গল্প নিয়ে এর আগে তিনি তৈরি করেন এক ঘণ্টার নাটক। এবার তিনি হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে ধারাবাহিক নাটক তৈরি করেছেন। উপন্যাসের নামেই নাটকটির নাম একজনমায়াবতী। ৫২ পর্বের এই ধারাবাহিক চ্যানেল আইয়ে প্রচার করা হবে ২২ মার্চ থেকে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে চ্যানেল আইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও রামেন্দু মজুমদার, প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ মাজহারুল ইসলাম এবং ধারাবাহিকটির শিল্পী ও কলাকুশলীরা।
সংবাদ সম্মেলনে বক্তারা হুমায়ূন আহমেদকে স্মরণ করেন। তাঁরা হুমায়ূন আহমেদের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে কথা বলেন। একজনমায়াবতীনাটকের নাট্যরূপ দিয়েছেন অরুণ চৌধুরী। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, সুমাইয়া শিমু, আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, শহীদুজ্জামান সেলিম, সৈয়দ হাসান ইমাম, রোজী সিদ্দিকী, মামুনুর রশীদ, সোহেল খান, আবদুল্লাহ রানা, তানভীর হোসেন প্রমুখ। চ্যানেল আইয়ে সপ্তাহের রবি ও সোমবার রাত নয়টা ৩৫ মিনিটে দেখানো হবে ধারাবাহিকটি।