১০ বছর পর মঞ্চে রুনা

প্রায় ১০ বছর পর মঞ্চে পা রাখবেন অভিনেত্রী রুনা খান। নাটকের নাম দেওয়ান গাজীর কিস্সা। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই নাটকের রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে মঞ্চস্থ হবে নাটকটি। সর্বশেষ ২০০৫ সালে প্রয়াত নাট্যব্যক্তিত্ব খালেদ খানের নির্দেশনায় কাল সন্ধ্যা নাটকে মঞ্চে অভিনয় করেছিলেন রুনা।
১০ বছর পরে মঞ্চে অভিনয় নিয়ে বেশ রোমাঞ্চিত রুনা খান। বললেন, ‘নাটকের যে চরিত্রে আমি অভিনয় করতে যাচ্ছি, সেই চরিত্রে এর আগে সারা যাকের, নিমা রহমান ও বিপাশা হায়াতের মতো অভিনেত্রীরা অভিনয় করেছেন। তাই একটু রোমাঞ্চ তো হচ্ছেই।’
নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে দলের সঙ্গে নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছেন রুনা। বিরতি নিয়েছেন টিভি নাটকের কাজ থেকে। আগামী ১১ তারিখ নাটকটি মঞ্চায়নের পর আবার টিভি নাটকে কাজ শুরু করবেন। আপাতত তাঁর লক্ষ্য দেওয়ান গাজীর কিস্সা নাটকের ‘লাইলি’কে ঠিকঠাক মঞ্চে তুলে ধরা।
কথা প্রসঙ্গে রুনা বললেন, এমন চরিত্রে তাঁকে ভাবার জন্য আসাদুজ্জামান নূর ও সারা যাকেরের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে বললেন, ‘লাইলি’ চরিত্রটি তাঁর অভিনয়জীবনের সেরা অর্জন। স্মরণ করলেন তাঁর অভিনয়জীবনের গুরু খালেদ খানকেও।