১০ মাসে ২৫ প্রদর্শনী
১০ মাসেই দুটি নাটকের ২৫টি প্রদর্শনী করছে নাট্যকেন্দ্র। তাদের ১৩তম প্রযোজনা বন্দুকযুদ্ধ ও ১৪তম প্রযোজনা গাধার হাট নাটকের একসঙ্গে প্রথম প্রদর্শনী হয় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে। আজ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটক দুটির ২৫তম প্রদর্শনী।
নাটক দুটির এত দ্রুত ২৫টি প্রদর্শনীর ব্যাপারে নির্দেশক তারিক আনাম খান বলেন, ‘খুব অল্প সময়ে এতগুলো শো করতে পারার বড় কারণ হলো, আমরা ঢাকার বাইরে আমন্ত্রিত হয়ে বেশ কিছু শো করেছি। এ ছাড়া গেল ১০ মাসে বেশির ভাগ ছুটির দিনগুলোতে আমরা শো করেছি।’
উল্লেখ্য, মিসরের নাট্যকার আলফ্রেড ফারাগের দ্য ট্র্যাপ ও তৌফিক আল হাকিমের দ্য ডঙ্কি মার্কেট অবলম্বনে যথাক্রমে বন্দুকযুদ্ধ ও গাধার হাট-এর নাট্যরূপ দিয়েছেন তারিক আনাম খান।
নাটক দুটি প্রসঙ্গে তারিক আনাম খান বললেন, ‘দুটি মিলে পৌনে দুই ঘণ্টার প্রযোজনা। আর নাটক দুটিতে সমসাময়িক বেশ কিছু বিষয় রয়েছে। তাই সবাই পছন্দ করেছেন।’