২২ ডিসেম্বর থেকে 'উজান গাঙের নাইয়া'

দুই বছর ধরে নিখোঁজ আমজাদ। তাকে মৃত বলে ধরে নিয়েছিলেন তার স্ত্রী, ভাই, এমনকি গ্রামের লোকজনও। সেই আমজাদের ফিরে আসার মধ্য দিয়ে শুরু হবে উজান গাঙের নাইয়া-এর তৃতীয় কিস্তির গল্প। কাল্পনিক জেলে গ্রাম ঈশানপুরের কিছু জেলের প্রাত্যহিক জীবনসংগ্রাম, বাস্তবতা এবং সেই সঙ্গে এই সমাজের জন্ম, মৃত্যু, বিয়ে, বিশ্বাসঘাতকতা, হারানোর বেদনা আর নিজেকে গড়ে তোলার গল্প নিয়েই এগিয়েছে ধারাবাহিকটির তৃতীয় মৌসুম। বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রযোজনায় নাটকটি তৈরি হচ্ছে। অর্থায়ন করছে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) ও চাইল্ড ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন (সিআইএফএফ)। এটি পরিচালনা করেছেন বাশার জর্জিস ও সামির আহমেদ।
১৯ পর্বের এই নাটকটিতে গুরুত্ব দেওয়া হয়েছে মায়েদের গর্ভকালীন পরিচর্যা আর মা ও শিশুর পুষ্টিসংক্রান্ত নানান বিষয়। কক্সবাজারে চলছে নাটকটির শুটিং। চলবে জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত। শুটিংয়ের পাশাপাশি প্রস্তুতি নেওয়া হচ্ছে নাটকটি প্রচারেরও। ২২ ডিসেম্বর থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হবে নাটকটির।
তৃতীয় কিস্তির গল্প লিখেছেন আনিসুল হক। তাঁর সঙ্গে চারজনের একটি দলও কাজ করেছেন। নাটকটিতে অভিনয় করেছেন রিয়াজ, লুৎফুর রহমান জর্জ, মৌসুমী হামিদ, নাজমুল হুদা বাচ্চু, ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, রওনক হাসান, মাজনুন মিজান, অশোক ব্যাপারী, তৌসিফ, নাদিয়া, তুষ্টি, রিকিতা নন্দিনী প্রমুখ।