২৩ বছরে চ্যানেল আই: দিনভর নানা আয়োজন
ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথ চলার ২২ বছর পূর্ণ করল গতকাল ৩০ সেপ্টেম্বর। আজ শুক্রবার ১ অক্টোবর থেকে ২৩ বছরের পথচলা শুরু হবে চ্যানেল আইয়ের। এবারের স্লোগান হৃদয়ে বাংলাদেশ নিয়ে ‘স্বাধীনতার ৫০-এ, চ্যানেল আই ২৩-এ’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১ অক্টোবর দেশের শীর্ষ দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। সেখানে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বাণী দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।
ক্রোড়পত্রে বিশেষ লেখা লিখেছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা। চ্যানেল আইকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। ১ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে চ্যানেল আইয়ের স্টুডিওতে বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে চ্যানেল আই পরিবারের সদস্যরা বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রথম প্রহরে একটি দীর্ঘ কেক কেটেছেন।
এ ছাড়া ১ অক্টোবর দিনভর চ্যানেল আইয়ের পর্দায় থাকবে নানান পরিবেশনা। এসব পরিবেশনার মধ্যে এদিন সকাল ১১টা ৫ মিনিট থেকে দিনব্যাপী দেখানো হবে চ্যানেল আই স্টুডিও থেকে উৎসব উদ্যাপনের নানা আয়োজন নিয়ে সরাসরি সম্প্রচার ‘স্বাধীনতার ৫০–এ, চ্যানেল আই ২৩–এ’। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু।
বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে আজম খানের রচনা ও শুভ্রত চক্রবর্তীর পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘জলরঙের মানুষ’। এতে অভিনয় করেছেন মম, ইমন, শেলী আহমেদ, সঞ্জয় রাজ প্রমুখ।
সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘প্রকৃতি ও জীবন’–এর বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের এবারের পর্ব ‘যুক্তরাষ্ট্রের জীববৈচিত্র্য নিয়ে বিশেষ অনুষ্ঠান’।
রাত ৮টায় রয়েছে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় আরফান নিশো ও মেহজাবীন চৌধুরীর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুনর্জন্ম-২’।
এছাড়া ২ অক্টোবর রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইয়ের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে হৃদয়ে মাটি ও মানুষ-এর বিশেষ পর্ব ‘মাটির নায়ক’।
৩ অক্টোবর রাত ১০টায় রয়েছে শাকিলা জেসমিনের পরিচালনায় চ্যানেল আইয়ের বার্তা বিভাগ নির্মিত বিশেষ অনুষ্ঠান ‘করোনাকালে সংবাদ জীবন’। ৪ অক্টোবর রাত ১০টায় দেখানো হবে তাহের শিপনের পরিচালনায় বাংলাদেশ সরকারের মেগা প্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান ‘উন্নয়ন সহযোগী চ্যানেল আই’।