৭০ পেরিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌ (ডানে) আর রিচি। মাঝে ভিন্নরূপে আবুল হায়াত
মৌ (ডানে) আর রিচি। মাঝে ভিন্নরূপে আবুল হায়াত

ছবির মাঝখানের ভদ্রলোককে চিনতে পারছেন? চেনা কঠিনই বটে। চিনবেন কী করে, এটি তো তাঁর চার রূপের এক রূপ। ডেডলাইন নামে যে নাটকটি আসছে সামনের ঈদুল আজহায়, তাতে তাঁকে দেখা যাবে একবার পরিচালক, একবার প্রযোজক, একবার গির্জার পোপ কিংবা জমিদারপুত্র হিসেবে। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এ নাটকে তাঁর নায়িকা সাদিয়া ইসলাম মৌ আর রিচি সোলায়মান।

এতক্ষণে মানুষটিকে চিনে ফেলেছেন হয়তো। আবুল হায়াত—হ্যাঁ, তাঁকেই দেখা যাবে ভিন্ন চার চরিত্রে। আর আজ আবুল হায়াতের জন্মদিন। দীর্ঘ সময় ধরে আমাদের সংস্কৃতি অঙ্গনকে আলোকিত করে রেখেছেন তিনি। সত্তর পেরিয়ে একাত্তরে পা রাখছেন এই অভিনেতা। আজ সন্ধ্যা ছয়টায় ধানমন্ডির ছায়ানট ভবনে তাঁর জন্মদিন উপলক্ষে রয়েছে আনন্দ আড্ডা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে নাগরিক নাট্য সম্প্রদায়, চারুনীড়ম, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন ও ডিরেক্টরস গিল্ডসের কর্মীরা তো থাকবেনই, সংস্কৃতিজগতের সবারই আমন্ত্রণ সেখানে। আবুল হায়াতের জন্মদিন উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী গাজী রাকায়েত বলেন, ‘তাঁর মতো গুণী ও সফল শিল্পী নেই বললেই চলে। তিনি আমাদের নাগরিক নাট্য সম্প্রদায়ের শুরু থেকেই প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে জড়িত। তাঁর জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস।’
অনুষ্ঠানের শুরুতে থাকবে তামান্না রহমানের নাচ। তারপর আড্ডা এবং আড্ডার ফাঁকে ফাঁকে নাচ ও গান।